ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে বুধবার সকালে সাভারের হেমায়েতপুরে সড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ঢাকা ট্রিবিউন জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বরাতে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সকালে হেমায়েতপুর এলাকার কারখানাগুলোতে শ্রমিকেরা যথাসময়ে কাজে যোগ দিলেও সকাল পৌনে ৯টার দিকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বেরিয়ে আসেন। তারা হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন এবং আশপাশের চালু কারখানাগুলোর শ্রমিকদেরও কাজ ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানান। কয়েকটি কারখানার বাইরে থেকে ইটপাটকেল ছুড়ে ভাঙচুরের চেষ্টার অভিযোগও উঠেছে।
একপর্যায়ে বিক্ষোভকারীরা হেমায়েতপুরের বাগবাড়ি মোড় এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। শ্রমিকেরা সড়ক ছাড়তে অস্বীকৃতি জানালে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের কারণে বুধবার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের মোট ৪১টি কারখানায় স্বাভাবিক উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ১০টি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ৯টি কারখানায় বুধবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ বৈঠকের পর নিম্নতম মজুরি বোর্ড মঙ্গলবার গভীর রাতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করে। তবে শ্রমিকেরা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। শিল্প পুলিশ জানিয়েছে, বাগবাড়ি মোড় ও হেমায়েতপুরসহ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।








