১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশের সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৫ নভেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার দেশের সব জেলা সদরে একযোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট জেলা শাখার নেতা-কর্মীদের সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি দেশবাসীর সহযোগিতাও কামনা করা হয়েছে বিবৃতিতে।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা সৃষ্টি ও জ্বালাও-পোড়াওয়ের অভিযোগের প্রতিবাদ জানানো হবে এই কর্মসূচিতে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদও কর্মসূচির অন্যতম উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সামনে রেখে নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে ধারাবাহিক কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী। এর অংশ হিসেবে আগামী ৩০ নভেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের ভূমিকার প্রতিবাদে দেশব্যাপী উপজেলা ও থানা সদরে সমাবেশ ও মিছিল করার পরিকল্পনাও রয়েছে দলটির।
এ ছাড়া দলটির ঘোষিত কর্মসূচির মধ্যে ডিসেম্বর মাসে আলোচনা সভা, বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম রয়েছে। আগামী ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিক্যাল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা দেওয়ার কর্মসূচিও ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।








