তুরস্কের শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিং বাংলাদেশে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে একটি আধুনিক ডেনিম উৎপাদন কারখানা স্থাপন করবে। দেশীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে কারখানাটি গড়ে তোলা হবে বলে বুধবার (২৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইনভেস্ট বাংলাদেশ। প্রস্তাবিত কারখানায় সমন্বিত স্পিনিং ইউনিটও থাকবে।
ইনভেস্ট বাংলাদেশ জানিয়েছে, সানকো হোল্ডিংয়ের বোর্ডের ভাইস চেয়ার ফাতিহ কোনুকোগ্লুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সংস্থাটির চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে এই বিনিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বৈঠকে প্রতিষ্ঠানটির বোর্ড সদস্য হাকান কোনুকোগ্লুসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং যৌথ উদ্যোগের অংশীদার ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. জব্বারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রপ্তানিমুখী এই কারখানাটির মাসিক উৎপাদন সক্ষমতা হবে প্রায় এক কোটি মিটার ডেনিম কাপড়। ২০২৮ সালের প্রথম প্রান্তিকে কারখানাটির বাণিজ্যিক কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৪ হাজার ৪০০ জনের সরাসরি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
সানকো হোল্ডিং তুরস্কের একটি পারিবারিক মালিকানাধীন শিল্পগোষ্ঠী, যার বস্ত্র ব্যবসার ইতিহাস ১৯০৪ সাল পর্যন্ত বিস্তৃত; বর্তমানে প্রতিষ্ঠানটি নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ, প্যাকেজিং ও অর্থায়ন খাতেও ব্যবসা পরিচালনা করছে। এর ডেনিম বিভাগ ইসকো বিশ্বের অন্যতম বৃহৎ ডেনিম কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান, যার বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ২৫ থেকে ৩০ কোটি মিটার এবং ৬০টির বেশি দেশে তাদের গ্রাহক রয়েছে।
ইনভেস্ট বাংলাদেশ আরও জানিয়েছে, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক থেকে সানকো হোল্ডিং সংস্থাটির ১৩০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ পাইপলাইনের অংশ। সংস্থাটির মতে, এই বিনিয়োগ বাস্তবায়িত হলে বাংলাদেশের বস্ত্র খাতের পশ্চাৎ-সংযোগ শিল্প আরও শক্তিশালী হবে এবং রপ্তানি আয় বাড়বে; প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ইনভেস্ট বাংলাদেশ।








