শেরপুরের ঝিনাইগাতী উপজেলার একটি ইউনিয়ন ভূমি অফিসে আগুনের ঘটনা ঘটেছে। এতে অফিসে সংরক্ষিত জমিজমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী বাজার এলাকার রাজনগর ভূমি অফিসে এ অগ্নিকাণ্ড ঘটে। অফিসটি মালিঝিকান্দা ও হাতীবান্ধা—দুটি ইউনিয়নের ভূমি অফিস হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, ভোরে অফিস থেকে ধোঁয়া বের হতে দেখে তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দেন। ঝিনাইগাতী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই অফিসের ভেতরে থাকা বিভিন্ন কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যায় এবং ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ জানিয়েছেন, অফিসের পেছন দিকের একটি থাই জানালার কাচ ভেঙে ভেতরে পেট্রোল ও পোড়া মবিল ঢেলে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি নাশকতা হতে পারে বলে পুলিশ সন্দেহ করছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে।
ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শুভাগত সরকার বর্ণ জানান, অগ্নিকাণ্ডে বিআরএস রেকর্ডের বই অক্ষত রয়েছে, তবে ভূমি অফিসের অন্যান্য কাগজপত্র পুড়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন জানিয়েছেন, মামলার পাশাপাশি একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার খবর পেয়ে শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন ও পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার জানিয়েছেন, দায়ীদের খুঁজে বের করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে জমিসংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ায় ভবিষ্যতে সেবা নিতে গিয়ে ভোগান্তি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।








