টিসিবির জন্য ১৮২ কোটি টাকায় ১০ হাজার টন করে চিনি ও মসুর ডাল কেনার অনুমোদন

Tajanews24

Published: নভেম্বর 26, 2026, 8:21 অপরাহ্ন

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ১০ হাজার মেট্রিক টন চিনি ও ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, দুটি পণ্য কিনতে মোট ব্যয় হবে ১৮২ কোটি ২০ লাখ টাকা।

বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি প্রস্তাব অনুমোদন পায় বলে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় জানিয়েছে। দুটি পণ্যই স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হবে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, চিনি কিনতে ব্যয় হবে ১০৪ কোটি ৯৫ লাখ টাকা। প্রতি কেজি ১০৪ টাকা ৯৫ পয়সা দরে চিনি সরবরাহ করবে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড। টিসিবি ই-জিপি পদ্ধতিতে দরপত্র আহ্বান করেছিল; চিনির দরপত্রে একটি মাত্র প্রতিষ্ঠান অংশ নিলেও মূল্যায়ন কমিটি সেটিকে কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচনা করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অন্যদিকে, মসুর ডাল কিনতে ব্যয় হবে ৭৭ কোটি ২৫ লাখ টাকা। প্রতি কেজি ৭৭ টাকা ২৫ পয়সা দরে ডাল সরবরাহ করবে রাজশাহীর নাবিল নাবা ফুডস লিমিটেড। ডালের দরপত্রে তিনটি প্রতিষ্ঠান অংশ নেয়, যার মধ্যে দুটির প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হয় এবং সর্বনিম্ন দরদাতা হিসেবে প্রতিষ্ঠানটিকে নির্বাচনের সুপারিশ করা হয়। দুটি পণ্যই ৫০ কেজির বস্তায় টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন খরচসহ সরবরাহ করা হবে।

টিসিবির তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে সংস্থাটির চিনি কেনার লক্ষ্যমাত্রা ১ লাখ ১০ হাজার মেট্রিক টন; ইতিমধ্যে কেনা হয়েছে ২৭ হাজার ৪৮৭ মেট্রিক টন, নতুন অনুমোদনে মোট পরিমাণ দাঁড়াবে ৩৭ হাজার ৪৮৭ মেট্রিক টন। একই অর্থবছরে মসুর ডাল কেনার লক্ষ্যমাত্রা ২ লাখ ২০ হাজার মেট্রিক টন; ইতিমধ্যে কেনা ৫০ হাজার ৮৭৭ মেট্রিক টনের সঙ্গে নতুন ১০ হাজার টন যোগ হলে মোট ক্রয় দাঁড়াবে ৬০ হাজার ৮৭৭ মেট্রিক টন।