বড় কোম্পানি আনতে আইপিও বিধিতে বড় সংস্কার, প্রয়োজনে আইনি বাধ্যবাধকতার ভাবনা বিএসইসির

Tajanews24

Published: নভেম্বর 26, 2026, 7:14 অপরাহ্ন

বড় বেসরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বিধিতে ব্যাপক পরিবর্তনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের চেয়ারম্যান মাসুদ খান বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) নতুন কার্যালয়ের উদ্বোধন শেষে এক সেমিনারে এসব প্রস্তাবের কথা জানান বলে বাসস জানিয়েছে।

প্রস্তাব অনুযায়ী আইপিওতে দাম নির্ধারণ হবে পুরোপুরি বুক-বিল্ডিং পদ্ধতিতে, যেখানে যোগ্য বিনিয়োগকারীরা বিড করে কাট-অফ মূল্য নির্ধারণে অংশ নেবেন এবং সর্বোচ্চ দরদাতারা নিজেদের দেওয়া দামেই শেয়ার পাবেন। সাধারণ বিনিয়োগকারীদের জন্য ফিরিয়ে আনা হচ্ছে লটারি পদ্ধতি, আর মিউচুয়াল ফান্ডকে যোগ্য বিনিয়োগকারীর তালিকা থেকে সরিয়ে নির্দিষ্ট বরাদ্দসহ সাধারণ ক্যাটাগরিতে রাখার পরিকল্পনা রয়েছে। ইন্ডিকেটিভ প্রাইসের ৫০ শতাংশ ওপরে-নিচে প্রাইস ব্যান্ড রাখার কথাও ভাবা হচ্ছে।

৫০০ কোটি টাকার বেশি অর্থ সংগ্রহের আইপিওর জন্য ‘বুক-রানিং’ ব্যবস্থা চালুর প্রস্তাব রয়েছে, যাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহ ও প্রস্তাবিত দাম আগেই যাচাই করা যাবে। বাধ্যতামূলক আন্ডাররাইটিং ১০০ শতাংশ থেকে কমিয়ে ৫০ শতাংশ করা, বিদেশি আন্ডাররাইটারদের অংশগ্রহণের সুযোগ এবং আইপিওর অর্থে ঋণ পরিশোধের সীমা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাবও এসেছে। দুই দফা ঋণ পুনঃতফসিল করা কোম্পানিও শর্তসাপেক্ষে আইপিওর যোগ্য হতে পারবে।

চেয়ারম্যান বলেন, মূল্যায়নে শুধু ঘোষিত মুনাফা নয়, পরিচালন নগদ প্রবাহকে (ক্যাশ ফ্লো) বেশি গুরুত্ব দেওয়া হবে। তাঁর ভাষায়, মুনাফা একটি ধারণা, নগদ অর্থই বাস্তবতা। বিদ্যুৎ, সিমেন্ট ও ইস্পাতের মতো পুঁজিনির্ভর খাতের লোকসানি কোম্পানিগুলোকেও ভবিষ্যৎ নগদ প্রবাহের সক্ষমতা দেখাতে পারলে তালিকাভুক্তির সুযোগ দেওয়ার কথা ভাবছে কমিশন। ১০৮ পৃষ্ঠার খসড়া আইপিও বিধি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং অংশীজনদের মতামত পর্যালোচনা করা হচ্ছে বলে তিনি জানান।

স্বেচ্ছায় সাড়া না মিললে জনস্বার্থে বড় কোম্পানিগুলোর তালিকাভুক্তি আইনিভাবে বাধ্যতামূলক করার পথও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মাসুদ খান। এ জন্য ‘জনস্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি’ ধারণা চালু এবং নির্দিষ্ট মূলধনসীমার বেশি কোম্পানির জন্য বাধ্যতামূলক তালিকাভুক্তির শর্ত ফিরিয়ে আনার কথা ভাবছে কমিশন। এছাড়া আগামী ৪ জানুয়ারি ২০২৭ থেকে টি+১ সেটেলমেন্ট চালুর সিদ্ধান্তের কথাও জানান তিনি।