উখিয়ায় সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার ৩০ হাজার ইয়াবা উদ্ধার, চোরাকারবারি পলাতক

Tajanews24

Published: নভেম্বর 26, 2026, 9:21 অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীন পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান চালায় বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে সীমান্তবর্তী উলুবুনিয়া গ্রামে নুরুল হকের ঘেরের উত্তরে খালের পাশ দিয়ে মিয়ানমার থেকে ব্যাগ হাতে এক ব্যক্তিকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেখে টহল দলের সন্দেহ হয়। তাকে চ্যালেঞ্জ করা হলে ওই ব্যক্তি ব্যাগটি ফেলে ঘেরে ঝাঁপ দিয়ে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া ব্যাগে তল্লাশি চালিয়ে খাকি রঙের মোড়কে রাখা নীল রঙের বায়ুরোধী তিনটি প্যাকেট থেকে আনুমানিক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও পালিয়ে যাওয়া চোরাকারবারিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।