তৃণমূলে নাশকতা মোকাবিলায় বিএনপির পাঁচ সদস্যের বিশেষ টিম

Tajanews24

Published: নভেম্বর 26, 2026, 8:59 অপরাহ্ন

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি। এ লক্ষ্যে পাঁচ সদস্যের একটি বিশেষ টিম গঠন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, সম্ভাব্য নাশকতা ঠেকানোর পাশাপাশি তৃণমূলের সাংগঠনিক নিয়ন্ত্রণ ও দলীয় শৃঙ্খলা ধরে রাখতেও কাজ করবে এই টিম।

বিশেষ টিমে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সরকারের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু। দলীয় সূত্র জানায়, টিমটিকে সার্বিকভাবে সহযোগিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

ইতোমধ্যে টিমের সদস্যরা খুলনা ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এসব বৈঠকে সাংগঠনিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি অভ্যন্তরীণ বিরোধ চিহ্নিত করে তা নিরসনের উদ্যোগ এবং কেন্দ্রের সঙ্গে তৃণমূলের যোগাযোগ বাড়ানোর বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, তৃণমূল নেতাকর্মীদের কোনো ধরনের উসকানিতে পা না দেওয়া এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার কঠোর বার্তা দেওয়া হয়েছে। কোথাও সন্দেহজনক তৎপরতা দেখা গেলে সংঘাতে না জড়িয়ে সরাসরি স্থানীয় প্রশাসনকে জানানোর নির্দেশনা রয়েছে বলেও সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ডিসেম্বর সামনে রেখে সতর্ক অবস্থান নিয়েছে বিএনপির হাইকমান্ড। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা এবং শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় উপস্থিত থেকে তৃণমূলের সঙ্গে যোগাযোগ বাড়ানোর তাগিদ দিয়েছিলেন বলেও দলীয় সূত্র জানিয়েছে।