দেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন এক বছরে উদ্বেগজনক হারে বেড়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে অন্তত ২ হাজার ৬৬৫ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ১ হাজার ৭৩৩ জন। অর্থাৎ এক বছরে নির্যাতনের শিকার বেড়েছে ৯৩২ জন, যা প্রায় ৫৪ শতাংশ।
দেশের ১৬টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ পর্যবেক্ষণের ভিত্তিতে এই তুলনামূলক প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে এইচআরএসএস জানিয়েছে। বুধবার সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে নারী ও শিশুদের নিরাপত্তা, পারিবারিক সুরক্ষা ও মানবাধিকার নিয়ে গভীর উদ্বেগের কথা বলা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রথম ১০ মাসে ৭৫৯ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন, যাঁদের মধ্যে ৪৩৪ জন বা প্রায় ৫৭ শতাংশই শিশু ও কিশোরী। একই সময়ে ১৫০ জন গণধর্ষণের শিকার হয়েছেন এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৪ জনকে। গত বছরের একই সময়ে ধর্ষণের শিকার হয়েছিলেন ৭৪১ জন।
তুলনামূলক বিশ্লেষণে যৌন নিপীড়ন ও পারিবারিক সহিংসতার বৃদ্ধি সবচেয়ে বেশি চোখে পড়েছে। যৌন নিপীড়নের ঘটনা ৩৭৪টি থেকে প্রায় ১০৫ শতাংশ বেড়ে ৭৬৮টিতে দাঁড়িয়েছে, আর এতে শিশু ভুক্তভোগীর সংখ্যা ২১৪ থেকে বেড়ে হয়েছে ৩১২। পারিবারিক সহিংসতায় নিহতের সংখ্যা ৩২৩ থেকে বেড়ে ৫০২ এবং আহতের সংখ্যা ৮৩ থেকে বেড়ে ৩০৫ হয়েছে।
এইচআরএসএসের মতে, এই সহিংসতার পেছনে পুরুষতান্ত্রিক মানসিকতা, সামাজিক বৈষম্য, ক্ষমতার অপব্যবহার, বিচারহীনতার সংস্কৃতি ও অপর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা দায়ী। সংগঠনটি অপরাধের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি সহিংসতার মূল কারণ দূর করতে কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে।








