রাতে উত্তর বাড্ডা ও কালশীতে আরও দুই বাসে আগুন, সন্ধ্যায় পল্লবীতেও অগ্নিসংযোগ

Tajanews24

Published: নভেম্বর 26, 2026, 11:59 অপরাহ্ন

রাজধানীতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে পৃথক ঘটনায় আরও দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। উত্তর বাড্ডা ও মিরপুরের কালশী এলাকায় ঘটা এসব অগ্নিসংযোগে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে। এর আগে একই দিন সন্ধ্যায় পল্লবীতে পার্কিং করা একটি বাসেও আগুন দেওয়া হয়েছিল।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানিয়েছেন, রাত ৯টা ৫০ মিনিটের দিকে উত্তর বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির পাশে রাস্তায় থাকা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এরপর রাত সাড়ে ১১টার দিকে মিরপুরের কালশী রোডে সিরামিকের সামনে বিহঙ্গ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি যাত্রী নামিয়ে স্ট্যান্ডের দিকে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এতে বাসটির আসন ও ওপরের অংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানা গেছে।

এর আগে সন্ধ্যায় মিরপুরের পল্লবীর ১১ নম্বর সেকশনে মিল্লাত ক্যাম্পসংলগ্ন সড়কে দাঁড়িয়ে থাকা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। স্থানীয়রা বালু ও পানি ছিটিয়ে আগুন নেভান; এতে বাসটির কয়েকটি আসন পুড়ে যায়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানিয়েছেন, বাসটি পাঁচ দিন ধরে ওই সড়কে পার্ক করা ছিল।

এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। কারা, কী উদ্দেশ্যে বাসগুলোতে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। একই রাতে রাজধানীর তিনটি স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনায় পরিবহন শ্রমিক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।