নারায়ণগঞ্জের সাত খুন মামলায় আপিল শুনানি ৮ ডিসেম্বর পর্যন্ত মুলতবি

Tajanews24

Published: নভেম্বর 27, 2026, 1:49 পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় হাইকোর্টের দণ্ডাদেশের বিরুদ্ধে করা আসামিদের আপিল ও লিভ টু আপিলের শুনানি আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো শুনানি নিয়ে শুনানি অসমাপ্ত অবস্থায় এই তারিখ ধার্য করেন।

এই মামলায় ৩৫ আসামির সাজা নিয়ে করা ২২টি ক্রিমিনাল আপিল ও ১৬টি ক্রিমিনাল পিটিশনের ওপর একসঙ্গে শুনানি চলছে। বুধবার (২৫ নভেম্বর) প্রথম দিনের শুনানি হয়। সুপ্রিম কোর্টের গণসংযোগ কার্যালয় জানিয়েছে, মামলাসংশ্লিষ্ট নথি রয়েছে মোট ১৪২টি ভলিউমে এবং সেসব নথির মোট পৃষ্ঠা সংখ্যা ৮৩ হাজার ১৭২।

দ্বিতীয় দিনের শুনানি সম্পর্কে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক প্রথম আলোকে বলেছেন, রাষ্ট্রপক্ষ র‍্যাবের সাবেক সদস্য আসামিদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও অন্যান্য সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করে তাঁদের অপরাধ প্রমাণের চেষ্টা করেছে। তিনি জানান, ৮ ডিসেম্বরের শুনানিতে আসামি নূর হোসেন ও তাঁর সহযোগীদের জড়িত থাকার বিষয়টি তুলে ধরা হবে; সেদিন তাঁদের স্বীকারোক্তি এবং অপহরণের চাক্ষুষ তিন সাক্ষীর বর্ণনার সঙ্গে ঘটনার মিল উপস্থাপন করা হবে। আদালতে রাষ্ট্রপক্ষে অনীক আর হকের সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আবদুল্লাহ আল মামুন; আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, আইনজীবী মো. মজিবুর রহমানসহ অন্যরা।

ঘটনাটি ঘটে ২০১৪ সালের ২৭ এপ্রিল। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়; তিন দিন পর তাঁদের মরদেহ উদ্ধার হয়। নিহত অন্যরা হলেন মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম। ঘটনায় দুটি মামলা হয় এবং দুটি মামলার বিচার একসঙ্গে সম্পন্ন হয়।

২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের বিচারিক আদালত র‍্যাবের সাবেক ১৬ কর্মকর্তা-সদস্য এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন ও তাঁর ৯ সহযোগীসহ মোট ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন; র‍্যাবের আরও নয়জন সাবেক কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পরে একই বছরের ২২ আগস্ট হাইকোর্ট ১৫ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন, ১১ জনের দণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পাওয়া নয় আসামির দণ্ড বহাল রাখেন। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ২০১৯ সালে দণ্ডিত আসামিরা আপিল ও লিভ টু আপিল করেন; সেগুলোর শুনানিই এখন আপিল বিভাগে চলছে।