নরসিংদীর পলাশ উপজেলায় গণপিটুনিতে জেল পলাতক এক আসামি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ব্যক্তির নাম মো. জালাল মিয়া (৪৫)। তিনি নোয়াকান্দা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, ডাকাতিসহ একাধিক মামলার আসামি ছিলেন তিনি এবং তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এলাকায় তিনি ডাকাত হিসেবে পরিচিত ছিলেন বলেও পুলিশের ভাষ্য।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানের সময় নরসিংদী জেলা কারাগারে হামলার ঘটনায় অন্য বন্দীদের সঙ্গে জালাল মিয়াও পালিয়ে যান। এর পর থেকে তিনি এলাকা ছেড়ে ছিলেন, তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাঝেমধ্যে এলাকায় আসা-যাওয়া করতেন।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গজারিয়া এলাকায় নূর উদ্দিনের কলাবাগানে জালাল মিয়াকে দেখতে পান এলাকাবাসী। এ সময় উত্তেজিত জনতা তাঁকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানিয়েছেন, গণপিটুনির কারণ তদন্ত শেষে জানা যাবে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।








