আমদানি, রপ্তানি ও সেবা খাতের আন্তঃসীমান্ত লেনদেনে দাম যাচাই আরও কঠোর করতে সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে বিশেষ ‘প্রাইস ভেরিফিকেশন সেল’ গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি প্রতিটি ব্যাংককে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অন্তত একটি দাম যাচাই প্ল্যাটফর্মের গ্রাহক হতে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে।
সার্কুলার অনুযায়ী, নতুন এই নির্দেশনা কার্যকর হবে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে। তার আগেই ব্যাংকগুলোকে নিজস্ব বিশেষ সেল বা ইউনিট গঠন এবং উপযুক্ত আন্তর্জাতিক ডেটাবেস বা প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে। এসব সেল কেন্দ্রীয়ভাবে আমদানি, রপ্তানি, সেবা ও অন্যান্য আন্তঃসীমান্ত লেনদেনের দাম পর্যবেক্ষণ ও যাচাই করবে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, অতিরিক্ত দাম দেখিয়ে আমদানি বিলের মাধ্যমে বাড়তি অর্থ বিদেশে পাঠানো ও অর্থপাচার ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমদানিকারকদের একাংশ আন্তর্জাতিক বাজারদরের চেয়ে বেশি দাম ঘোষণা করে বাড়তি অর্থ পাঠিয়ে দেন—এমন প্রবণতা রোধে ব্যাংকের নিজস্ব সেল ও আন্তর্জাতিক প্ল্যাটফর্ম দিয়ে লেনদেনের দাম যাচাই করা হবে বলে তিনি জানান।
এ ছাড়া ঋণপত্র (এলসি) খোলা বা আমদানি প্রক্রিয়া শুরুর আগেই আমদানিযোগ্য পণ্যের আন্তর্জাতিক বাজারদর যাচাই করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, এই সার্কুলারে গত ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর ৩০-এর সংশ্লিষ্ট নির্দেশনার কথাও উল্লেখ করা হয়েছে, যেখানে এলসি খোলার আগে পণ্যের আন্তর্জাতিক দাম যাচাইয়ের কথা বলা ছিল।
কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে, নিজ নিজ কার্যক্রমের প্রয়োজন অনুযায়ী সাশ্রয়ী দাম যাচাই প্ল্যাটফর্ম বেছে নিতে। নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি শেষ হলে বাণিজ্য লেনদেনে দামের প্রতিযোগিতা ও যুক্তিসংগত মান নিশ্চিত করা সহজ হবে এবং অতিরিক্ত দাম বা অসঙ্গতি দ্রুত শনাক্ত করা যাবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন।







