কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা সরকারের

Tajanews24

Published: নভেম্বর 27, 2026, 10:59 পূর্বাহ্ন

দেশের কৃষি খাতকে প্রচলিত উৎপাদননির্ভর ব্যবস্থা থেকে উদ্যোক্তা ও বাজারমুখী ব্যবস্থায় রূপান্তর করতে প্রায় ১৪ হাজার কোটি টাকার একটি বড় প্রকল্প নেওয়ার পরিকল্পনা করছে সরকার। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, ‘বাংলাদেশ এগ্রি এন্টারপ্রেনারশিপ প্রজেক্ট’ (বিএপি) নামের প্রস্তাবিত প্রকল্পটির প্রাথমিক পরিকল্পনা এখন তৈরি হচ্ছে এবং এতে বিশ্বব্যাংকের অর্থায়নের প্রস্তাব রয়েছে।

শস্য, প্রাণিসম্পদ, মৎস্য ও বনজ সম্পদ মিলিয়ে দেশের সামগ্রিক কৃষি খাতের অবদান জিডিপির প্রায় ১১ থেকে সাড়ে ১১ শতাংশ, আর মোট শ্রমশক্তির প্রায় ৪৫ শতাংশ এই খাতে নিয়োজিত। প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফসল, প্রাণিসম্পদ ও মৎস্য খাতকে একটি অভিন্ন কাঠামোর আওতায় এনে উৎপাদনশীল অংশীদারিত্ব গড়ে তোলা, কৃষিসেবা ডিজিটাল করা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই হবে প্রকল্পের মূল লক্ষ্য। কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সংযোগ গড়ে উৎপাদন ও বিপণনব্যবস্থা শক্তিশালী করার কথাও বলা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পের প্রথম পর্যায়ে চারটি প্রধান উপাদান রাখার পরিকল্পনা রয়েছে, যার জন্য প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে মোট ৩৫ কোটি মার্কিন ডলার। এর মধ্যে ‘উৎপাদনশীল অংশীদারিত্ব’ উপাদানে ২২ কোটি ৫০ লাখ ডলার, ডিজিটাল পাবলিক অবকাঠামো গড়তে ৭ কোটি ৫০ লাখ ডলার এবং খাদ্যনিরাপত্তা ও কৃষিপণ্যের উৎস শনাক্তকরণ ব্যবস্থা শক্তিশালী করতে ৩ কোটি ডলার ব্যয়ের প্রস্তাব রয়েছে। পরবর্তী দুই পর্যায়ে আরও ৩০ কোটি ও ২৫ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।

প্রকল্পটি বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তর যুক্ত থাকবে; এর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে প্রধান বাস্তবায়নকারী সংস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রকল্পের প্রধান ফোকাল পয়েন্ট সাখাওয়াত হোসেন শরীফ বাসসকে বলেছেন, প্রকল্পের অর্থায়ন, ব্যয়ের খাত ও সুনির্দিষ্ট কার্যক্রম এখনো চূড়ান্ত হয়নি; বিশ্বব্যাংক ও সরকারের মধ্যে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে প্রকল্পের আকার ও কর্মপরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। বর্তমানে একটি কারিগরি নোট তৈরির কাজ চলছে বলেও জানান তিনি।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত এই উদ্যোগ বিশ্বব্যাংকের সহায়তায় ২০২৩ সালের জুলাইয়ে শুরু হওয়া ‘পার্টনার’ কর্মসূচির ধারাবাহিকতা। বিদ্যমান কর্মসূচির অভিজ্ঞতার ভিত্তিতে নতুন প্রকল্পের মাধ্যমে কৃষিকে আরও উৎপাদনশীল, বাজারমুখী ও জলবায়ু-সহনশীল করে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মাঠপর্যায়ের চাহিদা, সরকারের অগ্রাধিকার ও নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির ভিত্তিতে উপাদানগুলো চূড়ান্ত করতে একটি প্রস্তুতিমূলক দলও গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।