জ্বালানি খাতে বড় রদবদল, তিতাস-আরপিজিসিএল-বাপেক্সে নতুন এমডি

Tajanews24

Published: নভেম্বর 27, 2026, 3:31 অপরাহ্ন

জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিনটি কোম্পানির শীর্ষ পদে বড় রদবদল এনেছে সরকার। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) ও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানিতে (বাপেক্স) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে পেট্রোবাংলার কয়েকটি পরিচালক পদেও দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সমকাল ও যুগান্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ধাপে ধাপে এসব পরিবর্তন আনা হয়। তিতাস গ্যাসের এমডি প্রকৌশলী শাহনেওয়াজ পারভেজকে পেট্রোবাংলার পরিচালক (প্রোডাকশন শেয়ারিং কনট্রাক্ট-পিএসসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। ওই পদে অতিরিক্ত দায়িত্বে থাকা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকারকে পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

তিতাস গ্যাসের নতুন এমডির চলতি দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান। পেট্রোবাংলার এক অফিস আদেশে বৃহস্পতিবার তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, চলতি দায়িত্ব একটি সাময়িক ব্যবস্থা; এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পারস্পরিক জ্যেষ্ঠতা বা নিয়মিত পদোন্নতির অধিকার ক্ষুণ্ন হবে না।

অন্যদিকে আরপিজিসিএলের এমডি আনোয়ারুল ইসলামকে পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। আরপিজিসিএলের নতুন এমডি হিসেবে দায়িত্ব পেয়েছেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. আইনুল কবির।

বাপেক্সের এমডির চলতি দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিন, যিনি এর আগে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাপেক্সের বর্তমান এমডি প্রকৌশলী মো. ফজলুল হককে পেট্রোবাংলায় সংযুক্ত করা হয়েছে। জ্বালানি বিভাগের কর্মকর্তারা বলছেন, কোম্পানিগুলোর কার্যক্রমে গতি আনতেই এই রদবদল করা হয়েছে।