রাজধানীর চারটি পৃথক স্থানে শুক্রবার বিকেল থেকে রাতের মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। ওয়ারী, হাতিরপুল, মিরপুর-১০ ও ধানমন্ডি এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। পুলিশ জানিয়েছে, কোনো ঘটনাতেই কেউ হতাহত হয়নি। হাতিরপুলের ঘটনায় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৩টার দিকে ওয়ারী এলাকার আবেদ আলী উচ্চবিদ্যালয়ের সামনে প্রথম বিস্ফোরণটি ঘটে। ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে গেলেও তার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে তিনি জানান।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরপুলে ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করা হয়। পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয় এবং তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক ঘটনাটি নিশ্চিত করেছেন। জাগো নিউজ জানিয়েছে, আটক ব্যক্তির নাম মিজান ওরফে মিজু এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় শাহ আলী প্লাজার বিপরীতে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানিয়েছেন, ঘটনাস্থলটি কাফরুল ও শাহ আলী থানার সীমানায় অবস্থিত। বিস্ফোরণের পর জড়িত ব্যক্তিকে পুলিশ ধাওয়া করলেও আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
সবশেষে রাত সাড়ে ১০টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে রাপা প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানিয়েছেন, দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় এবং এতে কেউ হতাহত হয়নি। সংশ্লিষ্ট থানাগুলোর পুলিশ জানিয়েছে, প্রতিটি ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।







