দেশে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে সব ধরনের ষড়যন্ত্রকারীকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে ‘বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর চূড়ান্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন। দৃঢ় প্রত্যয় ও মনোবল নিয়ে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
আইজিপি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করতে হবে। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে উল্লেখ করে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্রীড়াক্ষেত্রে নৈপুণ্য দেখাতে নিয়মিত অনুশীলনের ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (গ্রেড-১, ফিন্যান্স) ও বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু ক্লাবের সভাপতি মো. আকরাম হোসেন। এ সময় অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন এআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) ও ক্লাবের সম্পাদক এ. এন. এম. মারুফ আব্দুল্লাহ। অনুষ্ঠানে শিশুরা একটি ডিসপ্লে প্রদর্শন করে।
চূড়ান্ত প্রতিযোগিতায় জুডোতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), রানারআপ চট্টগ্রাম রেঞ্জ। তায়কোয়ানডোতে চ্যাম্পিয়ন খুলনা মহানগর পুলিশ (কেএমপি), রানারআপ চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। উশুতে চ্যাম্পিয়ন ডিএমপি, রানারআপ চট্টগ্রাম রেঞ্জ; আর কারাতে চ্যাম্পিয়ন চট্টগ্রাম রেঞ্জ, রানারআপ সিএমপি। পরে আইজিপি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। গত ৮ নভেম্বর রাজারবাগ পুলিশ লাইনসে এ প্রতিযোগিতা শুরু হয়েছিল।







