এলএনজি আমদানিতেই বছরে লাগতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার, মিডি পরিকল্পনা নিয়ে প্রতিবেদন

Tajanews24

Published: নভেম্বর 28, 2026, 7:39 পূর্বাহ্ন

মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ (মিডি) বাস্তবায়িত হলে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও এলএনজি অবকাঠামো নির্মাণে প্রায় ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রয়োজন হতে পারে বলে এক প্রতিবেদনে বলা হয়েছে। জ্বালানি খাত নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা মার্কেট ফোর্সেসের ‘এলএনজির শেষ চেষ্টা: বাংলাদেশের মিডি মহাপরিকল্পনা’ শীর্ষক প্রতিবেদনটি শনিবার কক্সবাজারে প্রকাশ করা হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও মার্কেট ফোর্সেসের যৌথ উদ্যোগে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে বলে সমকাল জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মিডি পরিকল্পনায় চট্টগ্রাম অঞ্চলে ১৩ হাজার মেগাওয়াট পর্যন্ত নতুন গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলার প্রস্তাব রয়েছে। এসব বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৯ বিলিয়ন ডলার। এর পাশাপাশি দৈনিক এক হাজার মিলিয়ন ঘনফুট এলএনজি পুনর্গ্যাসীকরণের সক্ষমতাসম্পন্ন স্থলভিত্তিক টার্মিনাল নির্মাণে আরও প্রায় এক বিলিয়ন ডলার ব্যয় হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনের প্রাক্কলন অনুযায়ী, এসব বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি জোগাতে ২০৪০ সাল নাগাদ বছরে ২৫ মিলিয়ন টন এলএনজি আমদানির প্রয়োজন হতে পারে। আন্তর্জাতিক বাজারে দাম কম থাকলে এ জন্য বছরে ব্যয় হতে পারে ১০ দশমিক ৩ বিলিয়ন ডলার, মধ্যম পরিস্থিতিতে ১৫ দশমিক ৮ বিলিয়ন ডলার এবং উচ্চমূল্য অব্যাহত থাকলে তা বেড়ে ২৫ দশমিক ৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ঋণ পরিস্থিতি ও জ্বালানি নিরাপত্তার ওপর বড় চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মার্কেট ফোর্সেসের এশিয়া এনার্জি ট্রানজিশনের পরিচালক মুনিরা চৌধুরী এবং সভাপতিত্ব করেন ধরা’র আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী। বক্তব্য রাখেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল, জাপান সেন্টার ফর আ সাসটেইনেবল এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাইটির প্রোগ্রাম ডিরেক্টর ইউকি তানাবে ও অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনাল ও ফসিল-ফ্রি জাপানের জাপান ফাইন্যান্স ক্যাম্পেইনার মাকিকো আরিমাসহ অন্যরা। প্রতিবেদনে মিডি পরিকল্পনায় জাপানের জাইকা, জেবিআইসি এবং জেরা, সুমিতোমো ও ইতোচুর মতো প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতাও বিশ্লেষণ করা হয়েছে।

প্রতিবেদনে আর্থিক ঝুঁকির পাশাপাশি উপকূলীয় পরিবেশ ও স্থানীয় মানুষের জীবিকার ক্ষতির বিষয়টিও তুলে ধরা হয়েছে। এতে দাবি করা হয়েছে, মাতারবাড়ী-১ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কারণে অন্তত ২০ হাজার লবণচাষি, জেলে ও স্থানীয় উৎপাদনকারীর জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রস্তাবিত প্রকল্পগুলোর পুরো কার্যকাল বিবেচনায় এক বিলিয়ন টনের বেশি কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণের আশঙ্কাও করা হয়েছে। প্রতিবেদনে এলএনজির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।