দেশের চামড়া শিল্পের সংকট কাটাতে ১৩ দফা কৌশলগত প্রস্তাব ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশ’ (এলএফবি)। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে অলাভজনক এই শিল্প উন্নয়ন সংগঠনটির যাত্রা শুরু হয় বলে আয়োজকরা জানিয়েছেন। সংগঠনটির লক্ষ্য চামড়া ও পাদুকা শিল্পের টেকসই উন্নয়ন, দক্ষ জনবল তৈরি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনগুলোর মধ্যে সমন্বয় গড়ে তোলা।
১৩ দফা প্রস্তাবের মধ্যে রয়েছে স্বতন্ত্র চামড়া মন্ত্রণালয় অথবা বিধিবদ্ধ লেদার বোর্ড গঠন এবং ক্ষতিগ্রস্ত, বন্ধ বা দেউলিয়া প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, স্থানীয় পাদুকা প্রস্তুতকারক ও শিপারদের সহজ শর্তে ঋণ এবং পোশাক খাতের সমপরিমাণ রপ্তানি প্রণোদনা দেওয়ার প্রস্তাবও রয়েছে বলে ফাউন্ডেশন জানিয়েছে।
প্রস্তাবনায় আরও বলা হয়েছে, এলডব্লিউজি সনদ অর্জনের জন্য সাভারের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) আধুনিকায়ন করে নতুন আরও দুটি সিইটিপি নির্মাণ করতে হবে। পাশাপাশি এক থেকে দুটি বিশেষায়িত লেদার গুডস ও ফুটওয়্যার শিল্পপার্ক, চার থেকে পাঁচটি নতুন চামড়া শিল্পাঞ্চল এবং একটি পূর্ণাঙ্গ লেদার ও ফুটওয়্যার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে। দেশজুড়ে ১০ থেকে ১৫টি সরকারি কাঁচা চামড়া সংরক্ষণ হাব ও কোল্ড স্টোরেজ নির্মাণ এবং সরকারি বাহিনীর জুতা ও আনুষঙ্গিক পণ্যে দেশীয় চামড়া ও পাটের ব্যবহার বাধ্যতামূলক করার কথাও প্রস্তাবে রয়েছে।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি সাদাত হোসেন সেলিম বলেন, চামড়া শিল্পের পরিবেশগত উন্নয়নে সিইটিপি গুরুত্বপূর্ণ হলেও এটিই সব সমস্যার একমাত্র সমাধান নয়। যাঁরা বাস্তবে শিল্পটিকে টিকিয়ে রেখেছেন, সেই উদ্যোক্তা ও ব্যবসায়ীদের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে কেমিক্যাল সরবরাহ এবং আমদানি-রপ্তানিতে কার্যকর সরকারি সহায়তা দিতে হবে বলে তিনি মন্তব্য করেন। ফাউন্ডেশনের মহাসচিব এম মুফাজ্জল ইবনে মাহফুজ জানান, শিল্পের সব অংশীজনের মধ্যে সমন্বয় গড়ে তুলতে কাজ করবে এলএফবি।
আয়োজকরা জানিয়েছেন, সোসাইটিজ রেজিস্ট্রেশন আইনে নিবন্ধিত ফাউন্ডেশনটি প্রশিক্ষণ, গবেষণা, নীতি সহায়তা, শিল্প পরামর্শ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়ন এবং সামাজিক কল্যাণ—এই ছয়টি কর্মসূচি শাখা নিয়ে কাজ করবে। প্রথম বছরের পরিকল্পনায় রয়েছে এক হাজার কর্মীকে প্রশিক্ষণ দেওয়া, ৩০টি কারখানাকে মডেল গ্রিন ফ্যাক্টরিতে রূপান্তর করা এবং শ্রমিকদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি চালু করা।








