পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৯৯টি কোম্পানির সম্মিলিত নিট মুনাফা চলতি বছরের প্রথম নয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৮ শতাংশ কমেছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, লায়ন সিটি অ্যাডভাইজরির সংকলিত তথ্য অনুযায়ী ১৭টি খাতের এসব কোম্পানি জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নিট মুনাফা করেছে ১১ হাজার ২৫৯ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১৪ হাজার ৭৭৭ কোটি টাকা। অর্থাৎ এক বছরে মুনাফা কমেছে ৩ হাজার ৫১৮ কোটি টাকা।
সামগ্রিক পতনের সবচেয়ে বড় ধাক্কা এসেছে ব্যাংক খাত থেকে। খেলাপি ঋণ বাড়ায় ব্যাংক খাত আগের বছরের ৩ হাজার ৬৮৪ কোটি টাকা মুনাফা থেকে ঘুরে এবার ১ হাজার ৪৩১ কোটি টাকা নিট লোকসানে গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে আটটি ব্যাংকের বড় লোকসান পুরো খাতকে নেতিবাচক অবস্থানে টেনে নিয়েছে; এর মধ্যে ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের সম্মিলিত লোকসানই ৬ হাজার ৩০৩ কোটি টাকার বেশি। ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোও ১ হাজার ১০৭ কোটি টাকার বেশি লোকসানে রয়েছে।
তবে সব খাতের চিত্র একরকম নয়। আটটি খাতে মুনাফা বেড়েছে, নয়টি খাতে কমেছে। ওষুধ ও রসায়ন খাত ৪ হাজার ১২৩ কোটি টাকা মুনাফা করে সবচেয়ে বড় অবদান রেখেছে, যেখানে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৮৭৫ কোটি টাকার বেশি। প্রকৌশল খাতের মুনাফা বেড়েছে ২৯ দশমিক ৯ শতাংশ, আর জ্বালানি ও বিদ্যুৎ খাতে বেড়েছে ৩৮ দশমিক ৫ শতাংশ। শতাংশের হিসাবে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে চামড়া খাতে, ৬৩ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে গ্যাসসংকটে সিরামিক খাত মুনাফা থেকে লোকসানে গেছে এবং কাগজ ও ছাপা খাতের লোকসান প্রায় দ্বিগুণ হয়েছে।
বিশ্লেষক ও শিল্পসংশ্লিষ্টরা টিবিএসকে বলেছেন, ইউটিলিটি মূল্য বাড়ায় উৎপাদন ও পরিচালন ব্যয় বেড়েছে, আর টানা মূল্যস্ফীতির মধ্যে ভোক্তা চাহিদা দুর্বল থাকায় বাড়তি খরচ ক্রেতার ওপর চাপানো যাচ্ছে না। লায়ন সিটি অ্যাডভাইজরির পরিচালক আবদুল্লাহ আল ফয়সাল বলেছেন, নয় মাসে কোম্পানিগুলোর রাজস্ব প্রবৃদ্ধি প্রায় স্থবির ছিল, ফলে সুদ ব্যয় কমলেও মুনাফা চাপে পড়েছে।
তিনি সতর্ক করে বলেছেন, দীর্ঘায়িত ভূরাজনৈতিক টানাপোড়েন, মুদ্রার সম্ভাব্য অবমূল্যায়ন, মজুরির চাপ ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে নিকট ভবিষ্যতে করপোরেট মুনাফার পূর্বাভাসও দুর্বল থাকতে পারে, যা বিনিয়োগ মনোভাবের ওপরও প্রভাব ফেলতে পারে।








