ভবদহের জলাবদ্ধতা নিরসনে চলমান ৮১ কিলোমিটার খাল খনন জুনে শেষ, আরও ৯০ কিলোমিটার খননের পরিকল্পনা

Tajanews24

Published: নভেম্বর 28, 2026, 1:33 অপরাহ্ন

ভবদহ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চলমান ৮১ কিলোমিটার নদী-খাল খননের কাজ আগামী জুনের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার (২৮ নভেম্বর) যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ প্রকল্পের পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এতে কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে সভা সূত্রে জানা গেছে। সভায় জলাবদ্ধতার কারণ, নদ-নদীর বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে উপস্থাপনা দেওয়া হয়।

পানিসম্পদমন্ত্রী বলেন, চলমান খননের পাশাপাশি আমডাঙ্গা খাল খনন এবং শিবসা নদীর পানিপ্রবাহ ঠিক রেখে আরও প্রায় ৯০ কিলোমিটার নদী-খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, ভবদহের ব্যারেজ প্রকল্প সরকার গঠনের দেড় মাসের মধ্যে একনেকে অনুমোদন পেয়েছে এবং আগামী সাত বছরে প্রকল্পটি দৃশ্যমান হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবদহ পরিস্থিতি সম্পর্কে অবহিত আছেন এবং কাজ সুন্দরভাবে শেষ করার নির্দেশ দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে জোয়ারাধার ব্যবস্থাপনা বা টিআরএম বাস্তবায়নের বিকল্প নেই। তিনি জানান, বিএডিসির প্রকল্পটি মূল উদ্যোগের সহযোগী হিসেবে কাজ করবে এবং লক্ষ্য হলো আগামী এক-দুই বছরের মধ্যে এলাকার মানুষকে আবার চাষাবাদের আওতায় ফিরিয়ে আনা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ভবদহ এলাকার ৫ হাজার ২০০ হেক্টরসহ মোট ১৭ হাজার ২০০ হেক্টর জমি কৃষি উৎপাদনের আওতায় আসতে পারে।

সভা শেষে মন্ত্রী ও সচিবেরা ভবদহের জলাবদ্ধ এলাকা ও স্লুইসগেট পরিদর্শন করেন এবং স্থানীয় ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন। স্থানীয় প্রতিনিধিরা সভায় সেচ প্রকল্পের পাশাপাশি নদী-খাল সচল রাখা, বিভিন্ন বিলে টিআরএম চালু করা এবং ভবদহ অঞ্চলের বাস্তবতা বিবেচনায় পৃথক কার্যকর পরিকল্পনা নেওয়ার দাবি জানান বলে জানা গেছে।