মিরপুর-১০-এ যাত্রীবেশে চলন্ত বাসে গানপাউডার দিয়ে আগুন, পুড়ে গেল ইতিহাস পরিবহনের বাসটি

Tajanews24

Published: নভেম্বর 28, 2026, 4:01 অপরাহ্ন

রাজধানীর মিরপুর-১০ এলাকায় যাত্রীবেশে ওঠা দুর্বৃত্তরা চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইতিহাস পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানিয়েছেন, মিরপুর-১০ গোলচত্বর থেকে মিরপুর-১-এর দিকে যাওয়ার পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে বাসটিতে আগুন লাগে। সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে খবর পাওয়ার পর মিরপুর ফায়ার স্টেশনের অগ্নিনির্বাপক কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটির অধিকাংশ পুড়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মিরপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানিয়েছেন, যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা গানপাউডার দিয়ে চলন্ত বাসটিতে আগুন দেয়। তিনি জানান, এ ঘটনায় কেউ আহত হয়নি।

পুলিশ জানিয়েছে, বাসটির চালক ও সহকারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে এডিসি জাহিদুল ইসলাম জানিয়েছেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ল ১৫-৮৫০৮ বলে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে।