মহামারি মোকাবিলা ও ভবিষ্যৎ স্বাস্থ্যঝুঁকির প্রস্তুতি জোরদার, নিবিড় পরিচর্যা সক্ষমতা বাড়ানো এবং শিশুদের জন্য ক্রিটিক্যাল কেয়ার সেবা সম্প্রসারণের লক্ষ্যে নেওয়া হয়েছিল ৬ হাজার ৩৮৬ কোটি টাকার ‘ইমারজেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ারডনেস (ইআরপিপি)’ প্রকল্প। তবে ছয় বছর পর প্রকল্পের মেয়াদ শেষ হলেও পরিকল্পিত ১৬টি পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটের (পিআইসিইউ) একটিও চালু করা যায়নি বলে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) মূল্যায়ন প্রতিবেদনে উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশের ১৪টি মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে বিদ্যমান কাঠামোর বাইরে পৃথকভাবে এসব পিআইসিইউ স্থাপনের কথা ছিল। একইভাবে ৫০টি জেলা সদর হাসপাতালে আইসিইউ স্থাপনের উদ্যোগেও কার্যকর সেবা চালু হয়নি। কোথাও ভবন নির্মাণ শেষ হয়নি, কোথাও যন্ত্রপাতি স্থাপন হয়নি, আবার কোথাও প্রয়োজনীয় জনবল নিয়োগ না হওয়ায় সেবা শুরু করা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
আইএমইডি প্রকল্প ব্যর্থতার কারণ হিসেবে চরম সমন্বয়হীনতা, বারবার প্রকল্প পরিচালক পরিবর্তন, প্রয়োজন নির্ধারণে ত্রুটি এবং দুর্বল ব্যবস্থাপনাকে চিহ্নিত করেছে। প্রকল্প অফিস ও গণপূর্ত অধিদপ্তরের মধ্যে সমন্বয়হীনতায় কাজ স্থবির হয়ে পড়ে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রকল্পটির বড় অংশের অর্থায়ন করেছিল বিশ্বব্যাংক; নির্ধারিত সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় সংস্থাটি প্রতিশ্রুত অর্থের একটি অংশ ছাড় দেওয়া বন্ধ করে দেয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেছেন, এই প্রকল্পে চরম দায়িত্বহীনতার প্রবণতা দেখা গেছে। তাঁর ভাষ্য, পরিকল্পনা অনুযায়ী ১৬টি পিআইসিইউ এবং ৫০টি জেলা হাসপাতালের আইসিইউ কার্যকর করা গেলে বর্তমানে হাম, নিউমোনিয়া কিংবা অন্যান্য জটিল রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসাসংকট অনেকাংশে মোকাবিলা করা সম্ভব হতো।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং জনস্বাস্থ্যের প্রতি গুরুতর অবহেলা ও জবাবদিহির অভাবের একটি বড় উদাহরণ। হাজার হাজার কোটি টাকা ব্যয়ের পরও শিশুরা কাঙ্ক্ষিত নিবিড় পরিচর্যা সেবা থেকে বঞ্চিত থেকে গেছে বলে তাঁরা উল্লেখ করেছেন।








