তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার পর দেশের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হয়েছে। শ্রমিকেরা কাজে যোগ দেওয়ায় আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ প্রধান শিল্পাঞ্চলগুলোতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বলে শিল্প পুলিশ জানিয়েছে। ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার শিল্প পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ড. ইসরাইল হাওলাদার এসব তথ্য জানান।
ড. ইসরাইল হাওলাদার বলেন, শনিবার দেশের শিল্পাঞ্চলগুলোর পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং অধিকাংশ কারখানায় নিয়মিত উৎপাদন চলেছে। আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি কয়েক দিন ধরেই ভালো রয়েছে; গাজীপুরে আগের কয়েক দিন কিছুটা সমস্যা থাকলেও শনিবার সেখানে উন্নতি হয়েছে। তবে গাজীপুরের বাংলাবাজার ও শ্রীপুরের মাস্টারবাড়ি এলাকার কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে তিনি জানান।
সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলেও পরিস্থিতির উন্নতির খবর পাওয়া গেছে। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ওই এলাকায় বন্ধ কারখানার সংখ্যা ছিল ৪৫টি, শনিবার তা কমে ১৫টিতে নেমে এসেছে; এর মধ্যে ১২টি শ্রম আইনের ১৩(১) ধারায়, দুটি সাধারণ ছুটিতে ও একটি অন্য কারণে বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ওই এলাকায় শ্রমিক অসন্তোষ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া জানিয়েছেন, পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক।
দেশে পোশাক কারখানার সংখ্যা প্রায় ১০ হাজারের কাছাকাছি উল্লেখ করে ড. ইসরাইল হাওলাদার বলেন, এত বিপুলসংখ্যক কারখানার মধ্যে কয়েকটিতে বেতন পরিশোধে বিলম্ব বা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিচ্ছিন্নভাবে অসন্তোষ কিংবা ছুটির ঘটনা ঘটতে পারে। তবে কয়েকটি কারখানার বিচ্ছিন্ন ঘটনাকে সামগ্রিক শিল্প পরিস্থিতির প্রতিফলন হিসেবে দেখার সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা করেন। এতে সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়, যা সর্বনিম্ন গ্রেডে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ বৃদ্ধি। নতুন কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং ডিসেম্বর মাসের বেতন জানুয়ারিতে পরিশোধের সময় শ্রমিকেরা নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন।








