সরকারি ব্যয় ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ব্যাংকঋণের ওপর নির্ভরতা কমাতে চার ধরনের বন্ড ছাড়ার পরিকল্পনা করছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক বাজারে ডলার বন্ড, চীনের বাজারে পান্ডা বন্ড, জাপানের বাজারে সামুরাই বন্ড এবং শরিয়াহভিত্তিক অর্থায়নের জন্য সুকুক ছাড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, এসব উপকরণের মাধ্যমে আন্তর্জাতিক ও দেশীয় পুঁজিবাজার থেকে বিকল্প অর্থায়ন সংগ্রহ করে নতুন পাবলিক ফাইন্যান্সিং কাঠামো গড়ে তুলতে চায় সরকার।
শনিবার ঢাকায় দ্য উইকলি কাউন্টারপয়েন্ট আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, সরকার দায়িত্ব নেওয়ার সময় অর্থনীতি ভারী ঋণের বোঝা, উচ্চ মূল্যস্ফীতি ও ব্যাংক খাতের সংকটে ছিল; আগের পাঁচ বছরে সরকারের ঋণ তার আগের ২০ বছরের মোট ঋণের চেয়ে বেশি ছিল বলে তিনি উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এ কারণে বাজেটে শুধু সরকারি ঋণের সুদ পরিশোধেই এক লাখ কোটি টাকার বেশি বরাদ্দ রাখতে হয়েছে। সরকারি ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে আলাদা ঋণ ব্যবস্থাপনা বিভাগ গঠন করা হয়েছে বলেও তিনি জানান।
ব্যাংক খাত নিয়ে অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক দেশের ব্যাংক পুনঃমূলধনায়ন কর্মসূচিতে সহায়তায় বিশেষ আগ্রহ দেখিয়েছে। পাশাপাশি সংকটাপন্ন ব্যাংকগুলো ঘুরে দাঁড় করাতে সক্ষম বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হংকংয়ে একটি প্রাইভেট ইকুইটি ফান্ড গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, আমানতকারীদের অর্থ নিরাপদ থাকবে এবং আমানতে কোনো ‘হেয়ারকাট’ আরোপ করা হবে না—সরকারের এই আশ্বাসে ব্যাংক থেকে অর্থ তোলার হিড়িক ঠেকানো গেছে এবং আমানতে ইতিবাচক প্রবৃদ্ধি বজায় রয়েছে।
রাজস্ব প্রশাসন সংস্কারের কথাও তুলে ধরেন তিনি। করনীতি প্রণয়ন ও কর আদায় আলাদা করার পরিকল্পনার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থাসহ পূর্ণ ডিজিটালাইজেশন ও অটোমেশন চালু করা হবে। ইতিমধ্যে কর আদায় ১২ শতাংশ বেড়েছে বলেও তিনি জানান। এ ছাড়া শেয়ারবাজারের জন্য প্রাইভেট ইকুইটি ফান্ড গঠন এবং তালিকাভুক্তির প্রক্রিয়া তিন মাসে নামিয়ে আনার পরিকল্পনার কথাও বলেন তিনি।
জ্বালানি খাত নিয়ে অর্থমন্ত্রী জানান, আগামী ১২ মাসে ৫ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা যোগ করার লক্ষ্য নিয়েছে সরকার, যা পরে ১০ হাজার মেগাওয়াটে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তেল ও গ্যাস অনুসন্ধানে উৎপাদন বণ্টন চুক্তি (পিএসসি) নিয়ে আলোচনা আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে চূড়ান্ত হতে পারে বলেও তিনি জানান। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন প্রকল্প অনুমোদনে ব্যয়ের সুফল, বিনিয়োগের রিটার্ন, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশগত নিরাপত্তা—এই চার শর্ত নির্ধারণ করেছে সরকার এবং ফ্যামিলি কার্ডের আওতা দুই কোটি পরিবারে সম্প্রসারণের লক্ষ্য রয়েছে।








