মিঠামইনে বাড়িতে অবৈধভাবে মজুত ৮২ বস্তা ডিএপি সার উদ্ধার, ৩০ হাজার টাকা জরিমানা

Tajanews24

Published: নভেম্বর 29, 2026, 9:10 অপরাহ্ন

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে অবৈধভাবে মজুত করে রাখা ৮২ বস্তা ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। রোববার (২৯ নভেম্বর) বিকেলে মিঠামইন সদর ইউনিয়নের ইসলামপুর এলাকায় এক ব্যক্তির বাড়ি ও গুদামে অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়। উদ্ধার করা সারের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা বলে প্রশাসন জানিয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইসলামপুরের বাসিন্দা মো. মোখলেছুর রহমানের বাড়িতে বিপুল পরিমাণ সার অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে—এমন গোপন তথ্য পায় উপজেলা কৃষি অফিস। পরে বিষয়টি সহকারী কমিশনারকে (ভূমি) জানানো হলে তাঁর নেতৃত্বে সরেজমিনে অভিযান চালানো হয়। অভিযানে ৮২ বস্তা ডিএপি সার পাওয়া যায়।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত মোখলেছুর রহমানের কাছে সার মজুত ও বিক্রির বৈধ ডিলার লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চায়। তবে তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে প্রশাসন জানিয়েছে। এ কারণে সার ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন মিঠামইন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম।

মিঠামইন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওবায়দুল ইসলাম খান অপু জানিয়েছেন, রোববার বিকেলে অবৈধভাবে সার মজুতের খবর পাওয়ার পর সহকারী কমিশনারকে (ভূমি) বিষয়টি জানানো হয়। এরপর তিনি সরেজমিনে গিয়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উদ্ধার করা সার দ্রুত কৃষকদের মধ্যে বিতরণ করা হবে বলেও তিনি জানান।

সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম জানিয়েছেন, ডিলারশিপ ছাড়া অবৈধভাবে সার মজুতের অপরাধে জরিমানা করা হয়েছে। উদ্ধার করা সার জব্দ করে না রেখে স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামীকালের মধ্যে তা বিতরণ করা হবে। কৃষকদের স্বার্থ রক্ষা, সারের কৃত্রিম সংকট ও অবৈধ মজুত প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।