সৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলমান বিধিনিষেধের প্রভাবে বাংলাদেশ থেকে সরাসরি এবং ট্রানজিট রুটে পরিচালিত মোট ১৪১টি ফ্লাইট বিঘ্নিত হয়েছে। এর মধ্যে বেশ কিছু ফ্লাইট বাতিল করতে হয়েছে, আবার অনেকগুলো স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। জানা গেছে, গত ১১ অক্টোবর থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় সৌদি আরবের আকাশসীমায় চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যার জের ধরে ফ্লাইট সূচিতে এই জটিলতা তৈরি হয়েছে। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার মুখে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ১১ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদগামী ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। শুক্রবার রাত ১১টার পর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচকের তথ্যমতে, ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে ৬৬টি সরাসরি এবং ৭৫টি ট্রানজিট রুট রয়েছে। সরাসরি ফ্লাইটগুলোর তালিকায় রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারের ১০টি। এছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ইন্ডিগোর ওপর, যার ২৯টি ফ্লাইট চলাচলে ব্যাঘাত ঘটেছে। এছাড়াও এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ার ও এয়ার ইন্ডিয়ার ৭টি করে এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট এই তালিকার অন্তর্ভুক্ত রয়েছে।

