দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন: ভরি প্রতি কমল ৫৪৮২ টাকা

Published: October 31, 2026, 5:16 am

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। নতুন এই দর শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকায় বিক্রি হবে। এছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখিত প্রতিটি দামের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

বাজুসের নির্দেশনা অনুযায়ী, স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে ডিজাইন ভেদে মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। ক্রেতার কাছ থেকে মূল দামের সঙ্গে আলাদা করে ভ্যাট নেওয়ার সুযোগ নেই। এছাড়া অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম রাখা হয়েছে। এসব ক্ষেত্রে আলাদা করে ভ্যাট বাদ দেওয়া যাবে না।

এর আগের দিন ৩০ অক্টোবরও বাজুস ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছিল। অর্থাৎ মাত্র এক দিনের ব্যবধানে আবারও বড় অঙ্কের দরপতন ঘটল। চলতি বছর এ নিয়ে মোট ১৩০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৬৭ বার কমানো এবং ৬২ বার বাড়ানো হয়েছে। এর বাইরে একবার ভ্যাট সমন্বয় করা হয়েছিল। উল্লেখ্য, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।