তাহসিফ সাউরি মৃত্যু: দিশার আরও সাত দিনের রিমান্ড আবেদন

Published: November 4, 2026, 9:25 am

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সন্দেহভাজন আসামি জেরিকা তাসনীম দিশাকে (১৯) আবারও জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা ও নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন ঢাকার আদালতে এই সাত দিনের রিমান্ড আবেদন জমা দেন।

এর আগে ১ নভেম্বর একই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, যার প্রেক্ষিতে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড মেয়াদ শেষে আজ তাকে পুনরায় আদালতে হাজির করা হয়।

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় কনিষ্ঠ বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের আহ্বানে সাড়া দিয়ে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন তাহসিফ। পরের দিন বিকালে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ওই মামলায় দীপ ও দিশাকে গ্রেফতার দেখানো হয়।