অনিয়ম, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অনুদানের অর্থ আত্মসাৎ এবং নিবন্ধনের শর্ত লঙ্ঘনের মতো অভিযোগে গত ১৫ বছরে দেশের ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করেছে এনজিওবিষয়ক ব্যুরো। একই সঙ্গে এসব সংস্থার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে বলে সংসদে জানানো হয়েছে।
সোমবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে এসব সংস্থার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
লিখিত জবাবে মন্ত্রী নিবন্ধন বাতিলের কয়েকটি কারণ উল্লেখ করেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জাল করে অনুদানের অর্থ আত্মসাৎ করা, নিবন্ধনের সময় দেওয়া শর্ত অমান্য করা এবং ব্যুরোর আইনানুগ নির্দেশনা না মানার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ভুয়া বা জাল অভিপ্রায়পত্র (এলওআই) দাখিল করার অভিযোগও কয়েকটি সংস্থার ক্ষেত্রে পাওয়া গেছে বলে তিনি জানান।
স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব অনুযায়ী, অভিযোগ প্রমাণিত হওয়ায় সংস্থাগুলোকে কালো তালিকাভুক্ত করা হয়েছে এবং তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে। এনজিওবিষয়ক ব্যুরো দেশে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর নিবন্ধন ও নবায়নসংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে থাকে।
সংসদে দেওয়া জবাবে বেআইনি কর্মকাণ্ডে জড়িত সংস্থাগুলোর বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।








