বাংলাদেশ ছাত্রলীগ আট দফা দাবিতে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে। সংগঠনটি জানিয়েছে, গত ৮ নভেম্বর কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দাবিগুলোর মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ও মামলা প্রত্যাহার, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তি। সংগঠনটি শিক্ষার্থীদের শিক্ষার অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিও জানিয়েছে।
অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে বহিষ্কারাদেশ বাতিল করে সার্টিফিকেট পুনর্বহাল, সরকারি চাকরির যাচাই প্রক্রিয়ায় রাজনৈতিক হয়রানি বন্ধ, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ এবং পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ।
কর্মসূচি অনুযায়ী, আজ শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট, শিল্পকারখানা, আদালত, সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংক বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। বাস, ট্রাক, রেল ও লঞ্চ চলাচল বন্ধ রাখার কথাও বলা হয়েছে। তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং সংবাদমাধ্যমসহ জরুরি সেবা এই কর্মসূচির আওতামুক্ত রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সংগঠনটির দাবি, আওয়ামী লীগ এবং যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এই ধর্মঘটের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, কর্মসূচি সফল করতে স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।








