কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবির এবং নোয়াখালীর ভাসানচরে বসবাসকারী ১৩ লাখের বেশি রোহিঙ্গা এখন ১৯ নভেম্বরের দিকে তাকিয়ে আছেন। ওই দিন নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলার চূড়ান্ত রায় দেওয়ার কথা রয়েছে। টিওবি নিউজ জানিয়েছে, শিবিরগুলোতে এই রায় নিয়ে গভীর প্রত্যাশা তৈরি হয়েছে।
২০১৯ সালের ১১ নভেম্বর পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে। অভিযোগে বলা হয়, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চালানো সামরিক অভিযান, হত্যাকাণ্ড ও জোরপূর্বক বাস্তুচ্যুতি ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের লঙ্ঘন। টিওবি নিউজের প্রতিবেদন অনুযায়ী, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিসহ ১১টি দেশ এই মামলায় পক্ষভুক্ত হয়েছে। মিয়ানমার আদালতের এখতিয়ার নিয়ে আপত্তি তুললেও ২০২২ সালের জুলাইয়ে আইসিজে তা খারিজ করে দেয়।
শিবিরের বাসিন্দা ও নেতারা বলছেন, মিয়ানমারে ফেরা মানে শুধু সীমান্ত পার হওয়া নয়। পূর্ণ নাগরিকত্ব, অবাধ চলাচল, শিক্ষা ও স্বাস্থ্যসেবা এবং আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া টেকসই প্রত্যাবাসন সম্ভব নয় বলে তারা মনে করেন। ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ উল্লাহ বলেছেন, রায় কার্যকর করা নিয়ে রাজনৈতিক জটিলতা থাকলেও এটি রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনের আইনি স্বীকৃতি দেবে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, রোহিঙ্গারা যে ঐতিহাসিকভাবে রাখাইনের বাসিন্দা—আদালতের এমন ঘোষণা মিয়ানমারের বক্তব্যকে দুর্বল করবে। কর্মকর্তারা মনে করছেন, রায়ের পরপরই প্রত্যাবাসন শুরু না হলেও এটি মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে এবং রোহিঙ্গাদের নৈতিক ও আইনি অবস্থান শক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








