এনভিডিয়া প্রধানের সঙ্গে প্রেমের সম্পর্কে চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ

Published: November 9, 2026, 2:05 pm

বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি কোম্পানি এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াং নামের এক নারীর ঘনিষ্ঠ সম্পর্কের খবর সামনে এসেছে। এই সম্পর্কের সূত্র ধরেই অ্যালিসের বিরুদ্ধে চীনের স্বার্থে গুপ্তচরবৃত্তির গুরুতর অভিযোগ উঠেছে। বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, হুয়াং লে নামে পরিচিত এই নারী সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিড ইন্টারন্যাশনালের শীর্ষ পর্যায়ের নির্বাহী হিসেবে দায়িত্বরত ছিলেন। তাঁর সম্পর্কে জনসমক্ষে খুব সামান্যই তথ্য রয়েছে। গত রোববার প্রতিষ্ঠানটি এই তথ্য জানায়। মেগাস্পিড এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এনভিডিয়ার ক্লাউড ব্যবসার অন্যতম প্রধান অংশীদার হিসেবে নিজেদের দাবি করে।

মার্কিন কর্মকর্তাদের ধারণা, এনভিডিয়ার প্রধান নির্বাহীর ওপর নজরদারি করা এবং তাঁর কাছ থেকে কৌশলগত তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই বেইজিং অ্যালিস হুয়াংকে কাজে লাগিয়েছিল। প্রভাবশালী মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস প্রথম এই গুপ্তচরবৃত্তির বিষয়টি প্রকাশ করে। যদিও ৬৩ বছর বয়সী তাইওয়ানি বংশোদ্ভূত জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের কোনো পারিবারিক সম্পর্ক নেই। অ্যালিস সাবলীল ইংরেজি বলতে পারদর্শী এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ শিল্পের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তাঁর বেশ ভালো যোগাযোগ ছিল। অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়ার প্রধানের প্রথম কখন দেখা হয়েছিল বা তাঁদের প্রেমের সম্পর্ক কত দিন স্থায়ী ছিল, তা এখনো অস্পষ্ট।

চীনের একটি তহবিল ডেটাবেসে পাওয়া তথ্যমতে, অ্যালিস হুয়াং আগে এইচএসবিসিতে কর্মরত ছিলেন এবং চীনের সিসিটিভি ও হুনান টিভিতে প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। তবে এই তথ্যের সত্যতা বা প্রোফাইলটি কে তৈরি করেছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া হুয়াং লি নামেও পরিচিত এই নারী চীনের নাগরিক।

জেনসেন হুয়াং গত সপ্তাহে এনভিডিয়ার কর্মীদের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন, যেখানে তিনি নিজের বিবাহিত জীবনের প্রতি ‘অবিশ্বস্ত’ থাকার কথা স্বীকার করেছেন।

নিজের এই ভুলের জন্য তিনি পরিবার ও সহকর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন। তবে অ্যালিসের সঙ্গে তাঁর পরিচয় বা সম্পর্কের ব্যাপ্তি কত দিনের, তা এখনো স্পষ্ট নয়। ২০২৪ সালের জুন মাসে তাইপের একটি বারে দুজনকে গিগাবাইট ও নেটথান্ডারের নির্বাহীদের সঙ্গে পানীয় পানরত অবস্থায় দেখা গিয়েছিল। ওই একই সময়ে মেগাস্পিড কোটি কোটি ডলার মূল্যের উন্নত এআই চিপ সংগ্রহের কার্যক্রম শুরু করে। ২০২৪ ও ২০২৫ সালের বিভিন্ন প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠানেও তাঁদের একসঙ্গে দেখা গেছে। মোটামুটি বলা যায়, ২০২৪ ও ২০২৫ সালে প্রযুক্তি শিল্প খাতের বিভিন্ন অনুষ্ঠানের ছবি এবং সরাসরি ভিডিওতে এই দুজনকে একসঙ্গে দেখা গেছে। এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে এআই মডেল পরিচালনার জন্য কম্পিউটিং ক্ষমতা ভাড়া দেয়।

এদিকে জেনসেন হুয়াং কোনো বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছেন কি না, তা খতিয়ে দেখতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ একটি স্বাধীন তদন্ত শুরু করেছে। হুয়াং এই তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন। তবে পর্ষদের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, এখন পর্যন্ত প্রতিষ্ঠানের ব্যবসায়িক গোপনীয়তা বা মার্কিন জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ওয়াশিংটন ২০২৪ সাল থেকেই মেগাস্পিডের মাধ্যমে চীনে এনভিডিয়ার চিপ পাচার হচ্ছে কি না, তা নিয়ে তদন্ত করছে। উল্লেখ্য, নিরাপত্তার কারণে যুক্তরাষ্ট্র চীনে উচ্চক্ষমতাসম্পন্ন এআই চিপ রপ্তানির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। মেগাস্পিড আগে ‘সেভেনরোড ইন্টারন্যাশনাল’ নামে পরিচিত ছিল, যার সঙ্গে চীনা গেমিং কোম্পানি সেভেনরোডের সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হয়। সিঙ্গাপুর কর্তৃপক্ষও ২০২৫ সালে প্রতিষ্ঠানটির বিষয়ে অনুসন্ধান চালায় এবং অ্যালিসকে জিজ্ঞাসাবাদ করে।

২০২৫ সালের ডিসেম্বরে মেগাস্পিড তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে প্রতিবেদনটিকে বিভ্রান্তিকর বলে দাবি করে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তাদের ওয়েবসাইটে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করা হলে সেটি একটি আবাসিক বাসার নম্বর বলে শনাক্ত হয় এবং উত্তরদাতা ব্যক্তি প্রতিষ্ঠানটির বিষয়ে কিছুই জানেন না বলে জানান। এই বিষয়ে মন্তব্যের জন্য সিঙ্গাপুর পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি।