চাটমোহরে ডিলারের গোডাউন ভেঙে ৬১১ বস্তা সার লুট, ফেরত চেয়ে প্রশাসনের মাইকিং

Tajanews24

Published: November 9, 2026, 4:15 pm

পাবনার চাটমোহর উপজেলায় সার বিতরণকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে এক ডিলারের গোডাউন ও দোকান ভাঙচুর করে ৬১১ বস্তা সার লুট করে নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকালে উপজেলার ছাইকোলা ইউনিয়নের ছাইকোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিতরণে দেরি ও অনিয়মের অভিযোগ তুলে অপেক্ষমাণ কৃষকদের একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘর থেকে সরকারি সার বিতরণ করছিলেন ডিলার প্রবীর কুমার পাল। লাইনে দাঁড়ানো নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়, একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উত্তেজিত লোকজন ঘরটিতে ভাঙচুর চালিয়ে সেখানে রাখা সার নিয়ে যান। এতে সার বিতরণ কার্যক্রম ব্যাহত হয়।

ঘটনার পর বিতরণের হিসাব পর্যালোচনা করে দেখা যায়, ওই ঘরে মোট ১ হাজার ১৮১ বস্তা সার মজুত ছিল। এর মধ্যে ১৭০ বস্তা বিতরণ করা হয়েছিল এবং বর্তমানে ৪০০ বস্তা মজুত রয়েছে। বাকি ৬১১ বস্তা সার লুট হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, মাত্র ১৭১টি স্লিপ দেওয়ার পর অপেক্ষমাণ কৃষকরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন, আর গোডাউন থেকে ইউরিয়া, টিএসপি ও অন্যান্য সার মিলিয়ে ৬১১ বস্তা লুট করা হয়।

খবর পেয়ে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ৬১১ বস্তা সার পাওয়া যাচ্ছে না এবং এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে লুট হওয়া সার ফেরত পেতে এলাকায় মাইকিং করেছে উপজেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে যারা সার নিয়ে গেছেন, তাদের সার ফেরত দিতে অথবা সমপরিমাণ মূল্য ডিলারের কাছে জমা দিতে বলা হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।