চাটমোহরে সরকারি সার বিতরণে হট্টগোল: লুট হলো ৬১১ বস্তা

Published: November 9, 2026, 3:05 pm

পাবনার চাটমোহরে সরকারি সার বিতরণ কার্যক্রমকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, ভাঙচুর এবং বিপুল পরিমাণ সার লুটের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে। মূলত সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে বিরোধের জেরে উত্তেজনা ছড়ায় এবং একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তেজিত লোকজন ডিলার প্রবীর কুমার পালের নিয়ন্ত্রণাধীন একটি টিনশেড ঘর ভাঙচুর করে সার নিয়ে যান।

ঘটনার পর কৃষি বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, ওই ঘরটিতে মোট ১ হাজার ১৮১ বস্তা সার মজুত ছিল। এর মধ্যে ১৭০ বস্তা কৃষকদের মাঝে বিতরণ করা সম্ভব হয়েছিল। বর্তমানে সেখানে ৪০০ বস্তা সার অবশিষ্ট রয়েছে। অর্থাৎ, সব মিলিয়ে ৬১১ বস্তা সার লুট হয়েছে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন। ঘটনার বিষয়ে জানতে সার ডিলার প্রবীর কুমার পালের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তাঁর চাচা সঞ্জিত পাল জানান, ঘটনার আকস্মিকতায় তাঁর ভাতিজা ভীত হয়ে ফোন বন্ধ রেখেছেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ওসি ওলিউর রহমান দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি মাইকিং করে লুট হওয়া সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক জানান, খবর পাওয়ার সাথে সাথেই কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। এখন পর্যন্ত ৬১১ বস্তা সার মিসিং রয়েছে এবং এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে এবং এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।