সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দ্বিতীয় গেট সংলগ্ন পার্কিং এলাকায় হঠাৎ একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পার্কিং করে রাখা দুটি বাসের মাঝখান থেকে বিকট শব্দ ও ধোঁয়া বের হতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। এই ঘটনার প্রেক্ষিতে সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে শাখা ছাত্রদল। আটক ব্যক্তি হলেন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ। তাকে নিষিদ্ধ ঘোষিত জবি ছাত্রলীগের কর্মী হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ জানান, সন্ধ্যায় বৃষ্টির সময় দ্বিতীয় গেটে ককটেল বিস্ফোরণের বিষয়টি তিনি শুনেছেন। প্রক্টর আরও জানান, ঘটনার সময় তারা ক্যাম্পাসের বাইরে ছিলেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সত্যতা নিশ্চিত করা হবে। এছাড়া ছাত্রদলের হাতে আটক ব্যক্তির বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রক্টর।








