জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুলে অবতরণ করে।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে বিকেলে আন্তালিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। সফরে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী। এটি এই সফরে তাঁর প্রথম দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামোগত সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
আগামী ১১ ও ১২ নভেম্বর আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন। পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী সোমবার ঢাকায় সাংবাদিকদের এই সফরের সূচি সম্পর্কে জানিয়েছিলেন।
তিন দিনের সরকারি সফর শেষে আগামী শুক্রবার (১৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে বলে সফরসূচিতে জানানো হয়েছে। সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গেও তাঁর দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।







