মঙ্গলবার রাতে রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, ঢাবির এক কর্মচারী সাময়িক বরখাস্ত

Tajanews24

Published: November 10, 2026, 11:15 pm

রাজধানীর বনানী, আদাবর ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মঙ্গলবার রাতে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের পর সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রাত ৯টা ৫৫ মিনিটের দিকে আদাবর থানার শেখেরটেক এলাকার ৯ নম্বর সড়কে ওয়ালটন প্লাজার সামনে প্রথম ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে রাত ১১টার কিছু আগে বনানী থানার আওতাধীন মহাখালী বাসস্ট্যান্ডে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন জানিয়েছেন, ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান জানিয়েছেন, রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআর এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। টিওবি নিউজ জানিয়েছে, এই ঘটনাতেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পলাশীসংলগ্ন ২ নম্বর ফটকে একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে যায় বলে টিওবি নিউজ জানিয়েছে।

ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় প্রাথমিক প্রমাণ পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফাররুখ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে ১০ নভেম্বর অনুষ্ঠিত জরুরি সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে সার্বক্ষণিক টহল জোরদার, ছয়টি প্রবেশপথে নিরাপত্তা চেকপোস্ট এবং সিসিটিভি নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে প্রশাসন।