জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ সম্মেলন কপ-৩১ উপলক্ষে তুরস্কের আনতালিয়ায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সেখানে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ম্যাক্স রয়েল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এই বৈঠকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু। তিনি জানান, আলোচনার শুরুতে প্রধানমন্ত্রী এরদোগানের সঙ্গে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সময়কার বৈঠকের কথা স্মরণ করেন। সেই থেকে দুই দেশের পারস্পরিক সহযোগিতার অগ্রগতিতে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তায় তুরস্কের অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়ে বলেন, জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের সক্রিয় ভূমিকা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় অত্যন্ত জরুরি।
দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনে প্রতিরক্ষা খাতকে বহুমুখী করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের প্রতিরক্ষা খাতে দুই দেশের যৌথ বিনিয়োগ ও সহযোগিতার সুযোগ তৈরির আহ্বান জানান। এছাড়া বাণিজ্যের প্রসারে দুই দেশের মধ্যে আরও নিবিড় যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
জ্বালানি ও খনিজ সম্পদ খাতে অংশীদারিত্বের বিষয়টিও বৈঠকের গুরুত্বপূর্ণ অংশ ছিল। প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশ একত্রে কাজ করতে পারে বলে তিনি মত দেন।
কপ-৩১ সম্মেলন সফলভাবে আয়োজন করায় তুরস্ক সরকারকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের মতো দেশগুলোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা এবং অংশীদারিত্ব এখন সময়ের দাবি। ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ রক্ষায় বৈশ্বিক পর্যায়ে আরও জোরালো সহায়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকটিতে বাংলাদেশের প্রতিনিধি দলের অংশ হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। দুই দেশের শীর্ষ নেতৃত্বের এই আলোচনায় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ের পাশাপাশি পারস্পরিক উন্নয়ন ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে ঐকমত্য প্রকাশ পায়।








