চলতি ২০২৬-২৭ অর্থবছরে কৃষকদের ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে সরকার সার খাতে মোট ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রেখেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন।
সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের লিখিত প্রশ্নে তিনি জানতে চান, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার মধ্যে প্রান্তিক কৃষকদের জন্য ইউরিয়া, ডিএপি ও টিএসপি সারে সরকার কত টাকা ভর্তুকি রেখেছে। একই প্রশ্নে ভরা মৌসুমে ডিলার ও মজুতদারদের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে সার বিক্রি বন্ধে মন্ত্রণালয়ের নজরদারি এবং বিএডিসির মাধ্যমে ডিজিটাল কৃষক কার্ডের ভিত্তিতে সরাসরি সার ও প্রত্যয়িত বীজ বিতরণের পরিকল্পনা সম্পর্কেও জানতে চাওয়া হয়।
জবাবে কৃষিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ে সরকার নির্ধারিত দামে সার পাওয়া নিশ্চিত করতে বিশেষ টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সারের সরবরাহ, মজুত, পরিবহন, বিতরণ ও খুচরা বিক্রি সার্বক্ষণিক তদারকি করতে এবং মাঠের সমস্যা দ্রুত সমাধানে কৃষি মন্ত্রণালয়ে সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে তিনি জানান।
মন্ত্রী আরও জানান, দেশের ৬৪ জেলায় সার তদারকি জোরদার করতে মন্ত্রণালয়ের ৬৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে দুজন যুগ্মসচিব ও দুজন উপসচিবের সমন্বয়ে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটির মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে।
কৃষিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সরকার ইতিমধ্যে ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করেছে। এই কর্মসূচির আওতায় কৃষকদের ডিজিটাল ডাটাবেজ তৈরি, ন্যায্যমূল্যে সার, মানসম্মত বীজ ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ এবং সরকারি ভর্তুকি ও প্রণোদনা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে তিনি সংসদকে জানান।








