রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের হেফাজতে ইসলামের সমাবেশের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি শুরু হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ শুনানির জন্য বসেছেন। মামলার অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানি গ্রহণের কথা রয়েছে এই এজলাসে।
শুনানি শুরুর আগে দুপুরে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয় অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে। ভ্যান থেকে নামানোর সময় তিনি হাতকড়া পরতে অস্বীকার করলে তাৎক্ষণিক উত্তেজনার সৃষ্টি হয়। শুরুতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তাকে ভ্যান থেকে না নামিয়েই ফিরে যান। একপর্যায়ে প্রিজন ভ্যানের ভেতর থেকে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন জিয়াউল আহসান। পরে অন্য পুলিশ কর্মকর্তারা এসে হাতকড়া ছাড়াই তাকে নামিয়ে ট্রাইব্যুনালের গারদে নিয়ে যান। এসময় তার বোন ও আইনজীবী নাজনীন নীহার উপস্থিত ছিলেন।
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার অভিযোগসহ ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাযজ্ঞের দুটি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এ মামলায়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে।
মামলায় গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি শহীদুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও আব্দুল লতিফ সিদ্দিকী। এছাড়াও গ্রেফতার হওয়া অন্য আসামিদের তালিকায় রয়েছেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা। মামলার বাকি আসামিরা বর্তমানে পলাতক রয়েছেন।








