দেশের তৃতীয় ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণে চীনের একটি প্রতিষ্ঠানের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চীনের রাষ্ট্রায়ত্ত চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিএনইই) প্রস্তাবটি অনুমোদন করে। অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে এই তথ্য জানানো হয়েছে।
কক্সবাজারের মহেশখালীতে সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থায় ভাসমান সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিটটি (এফএসআরইউ) নির্মাণ করা হবে। রয়টার্স জানিয়েছে, এর পুনঃগ্যাসীকরণ ক্ষমতা হবে দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুট, যা সর্বোচ্চ পর্যায়ে ৭৫০ মিলিয়ন ঘনফুট পর্যন্ত বাড়তে পারে। ২০২৮ সালে টার্মিনালটির কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
চুক্তির মেয়াদ অনুযায়ী সরকারকে ১৫ বছরে ১২ হাজার ৩২৪ কোটি টাকা অথবা ২০ বছরে ১৩ হাজার ১৬১ কোটি টাকা পরিশোধ করতে হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ১৫ বছরের হিসাবে সিএনইই দৈনিক সেবা ফি হিসেবে ৩ লাখ ৪২ হাজার ডলার প্রস্তাব করেছে, যা যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিলারেট এনার্জি ও সামিট এলএনজিকে দেওয়া ফির তুলনায় যথাক্রমে প্রায় ৩৫ ও ৩৭ শতাংশ বেশি বলে রয়টার্স উল্লেখ করেছে। প্রস্তাবটি গত অক্টোবরে আর্থিক শর্ত আরও পর্যালোচনার জন্য ক্রয় কমিটির বৈঠক থেকে ফেরত নেওয়া হয়েছিল, এরপর বৃহস্পতিবার তা অনুমোদন পায়।
বর্তমানে মহেশখালীতে দেশের দুটি এলএনজি টার্মিনালের সম্মিলিত ক্ষমতা দৈনিক ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট। নতুন টার্মিনাল চালু হলে মোট ক্ষমতা বেড়ে দৈনিক ১ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়াবে, সর্বোচ্চ পর্যায়ে যা হবে ১ হাজার ৮৫০ মিলিয়ন ঘনফুট।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে গ্যাসের চাহিদা প্রায় দৈনিক ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট, বিপরীতে দেশীয় উৎপাদন ও এলএনজি আমদানি মিলিয়ে সরবরাহ প্রায় ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। ফলে ঘাটতি মেটাতে আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা বাড়ছে। এর আগে ২০২৪ সালের অক্টোবরে মহেশখালীতে আরেকটি ৬০০ মিলিয়ন ঘনফুট ক্ষমতার ভাসমান টার্মিনাল নির্মাণে সামিট গ্রুপের সঙ্গে থাকা চুক্তি বাতিল করেছিল অন্তর্বর্তী সরকার।








