ভূমিহীন ও প্রান্তিক কৃষক, শিক্ষার্থী, প্রবাসী ও বিদেশফেরত শ্রমিকদের আর্থিক সহায়তায় ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ এ বিষয়ে সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের কাছে পাঠিয়েছে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে। নিম্ন আয়ের মানুষকে ব্যাংকিং ও আর্থিক কার্যক্রমে যুক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে এই ঋণ বিতরণ করা হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এর মধ্যে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য কোনো সম্পদ বন্ধক বা নিরাপত্তা জামানত লাগবে না। তবে ব্যাংক চাইলে ঋণগ্রহীতাসহ সর্বোচ্চ দুজনের ব্যক্তিগত গ্যারান্টি নিতে পারবে বলে নির্দেশনায় বলা হয়েছে।
এই তহবিল থেকে সর্বোচ্চ পাঁচজন মিলে যৌথভাবে ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ থাকবে। ঋণের গ্রেস পিরিয়ড বা কিস্তি পরিশোধ শুরুর সময়সীমা হবে সর্বোচ্চ ছয় মাস। স্কিমটি বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে চলবে এবং সার্কুলার জারির তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর চালু থাকবে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।
কারা এই সুবিধা পাবেন, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। প্রান্তিক ও ভূমিহীন কৃষক, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, নিম্ন আয়ের পেশাজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণের জন্য যোগ্য হবেন। কৃষক স্মার্ট কার্ডধারীরা অগ্রাধিকার পাবেন। পাশাপাশি রেমিট্যান্সের সুবিধাভোগী, বিদেশ থেকে ফেরত আসা শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরাও এই সুবিধা পাবেন। শিক্ষার্থীদের জন্য কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণসহ উচ্চশিক্ষার খরচের ক্ষেত্রেও ঋণের ব্যবস্থা রাখা হয়েছে।
তবে কোনো ঋণখেলাপি এই কর্মসূচির আওতায় নতুন ঋণ পাবেন না বলে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সরাসরি গ্রাহককে ঋণ দেবে না; পুনঃঅর্থায়ন ব্যবস্থার আওতায় বাণিজ্যিক ব্যাংকগুলোই সুবিধাভোগীদের মধ্যে ঋণ বিতরণ করবে।








