রমজানে ৬ হাজার ২০০ টন খেজুরসহ ৫ প্রস্তাবে নীতিগত অনুমোদন

Published: November 12, 2026, 8:45 am

আসন্ন রমজান উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বিতরণের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ হাজার ২০০ মেট্রিক টন খেজুর আমদানির প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। জরুরি জাতীয় প্রয়োজন বিবেচনায় নিয়ে সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ১০২(১)(ক) বিধি অনুসারে দরপত্র প্রস্তুত ও জমা দেওয়ার সময় কমানোর প্রস্তাবটিতেও সুপারিশ করে কমিটি।

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চলতি বছরের ৩৭তম সভায় এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে উপস্থাপিত মোট পাঁচটি প্রস্তাবের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে তিনটি এবং বাণিজ্য মন্ত্রণালয় ও ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে একটি করে প্রস্তাব পেশ করা হয়েছিল।

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রমতে, তিনটি আন্তর্জাতিক উৎস থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাবগুলোতে নীতিগত সুপারিশ করেছে কমিটি। যেসব প্রতিষ্ঠান থেকে এলএনজি কেনা হচ্ছে সেগুলো হলো—জাপানের জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেড (জেরাগম), সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি ট্রেডিং লিমিটেড এবং নাইজেরিয়ার ওজিমাডু অ্যান্ড মারিটেস অয়েল মার্কেটিং নাইজেরিয়া লিমিটেড/উজি জেমস বিহাইভ।

সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা ও সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব এলএনজি কেনার সুপারিশ করা হয়। এর আওতায় জেরাগমের সঙ্গে পেট্রোবাংলার স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি (এসপিএ) এবং টার্ম শিটের চূড়ান্ত খসড়ায় সই করার প্রস্তাবও অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে সেখানে নেটওয়ার্ক বসানোর একটি প্রস্তাবের নীতিগত অনুমোদনের সুপারিশ করে কমিটি। সংবাদ সংস্থা বাসস সূত্রে এসব তথ্য জানা গেছে।