ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৫৩

Tajanews24

Published: November 13, 2026, 6:16 am

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৫৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে বিভিন্ন অপরাধে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে বলে ডিএমপি জানিয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বিভাগ অনুযায়ী গ্রেপ্তারের হিসাব দিয়েছে ডিএমপি। বিজ্ঞপ্তি অনুযায়ী, রমনা বিভাগে ২৬ জন, লালবাগ বিভাগে ৬০ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৫২ জন ও তেজগাঁও বিভাগে ৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মিরপুর বিভাগে ১৪৭ জন, গুলশান বিভাগে ৫০ জন, উত্তরা বিভাগে ৫৫ জন, স্পেশাল রিজার্ভ ইউনিটে (এসআরইউ) একজন ও গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে আসামিদের কাছ থেকে তিনটি ককটেল, তিনটি ককটেলের বিস্ফোরিত অংশবিশেষ, ছয় কেজি গাঁজা, ২০৭ পিস ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পাশাপাশি এক হাজার টাকার ৯২৫টি জাল নোট, সাতটি মোবাইল ফোন ও একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।