কুষ্টিয়ায় নিজের পৈতৃক বাড়িতে পেট্রলবোমা হামলার অভিযোগের পর স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জেরে পুরো তদন্ত প্রক্রিয়া নিয়েই শঙ্কা প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অসন্তোষ জানান। গত বুধবার রাতে কুষ্টিয়ায় তার পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতামূলক বলে দাবি করেছেন তিনি। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করছেন নুসরাত। তবে তিনি এও বলেন, ‘যদিও আজকের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে আমি সন্দিহান থাকব।
ঘটনার পর নুসরাত ও তার পরিবার নাশকতার শিকার হয়েছে উল্লেখ করে ফেসবুকে লেখেন, ঘটনার পরের দিন সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মধ্যে এ নিয়ে দুই দফা পাল্টাপাল্টি বক্তব্য হয়েছে। সংসদীয় কার্যক্রমে বিষয়টির অবতারণা হলেও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন নুসরাত। তিনি বলেন, ‘তদন্ত চলাকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলে দিলেন রিপোর্ট কী হতে পারে। তিনি নিজেই যদি চান রিপোর্ট কেমন হবে, তবে নিরপেক্ষ তদন্তের আশা করা কঠিন।’
স্বরাষ্ট্রমন্ত্রীকে তার মন্ত্রণালয়ের দায়িত্বে ‘পরিপূর্ণ ব্যর্থ’ বলে অভিহিত করে নুসরাত জানান, রাষ্ট্রীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিয়েও তাৎক্ষণিক সহায়তা মেলেনি, পরে ব্যক্তিগত যোগাযোগে পুলিশের সাহায্য নিতে হয়েছে। তিনি বলেন, ফায়ার সার্ভিস যখন পৌঁছাল, তখন তিন ভাগ ঘর পুড়ে শেষ হয়ে গেছে। এর চেয়েও বড় আক্ষেপের বিষয় হলো, আলামত সংগ্রহের কোনো কার্যকর ব্যবস্থা ছাড়াই অগ্নিনির্বাপণের কাজ শুরু হয়, যার ফলে অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ পানিতে নষ্ট হয়ে যায়। আগুন লাগার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন দিয়ে যোগাযোগে অসমর্থ হয়ে তাকে ব্যক্তিগতভাবে পুলিশের সঙ্গে কথা বলতে হয়।
পোস্টে নুসরাত আরও অভিযোগ করেন, আগুনে পোড়া ও পানিতে ভেজা ঘরটি ১৩ ঘণ্টা পড়ে থাকার পর ফরেনসিক দল ঘটনাস্থলে আসে। তিনি প্রশ্ন তোলেন, একটি বিস্ফোরক ঘটনার তদন্ত যদি এভাবে হয়, তবে ধর্ষণ বা খুনের মতো গুরুতর অপরাধের তথ্যপ্রমাণ সঠিক সংরক্ষণের অভাবে কতটা বিপন্ন হতে পারে। দেশের নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা কতটা ভঙ্গুর, তা সংশ্লিষ্ট ব্যক্তিদের কর্মপদ্ধতি দেখলেই বোঝা যায় বলে তিনি মন্তব্য করেন। তবে এমন প্রতিকূল পরিস্থিতির মাঝেও দলমত নির্বিশেষে যেসব শুভানুধ্যায়ী তার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই সংসদ সদস্য।








