ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন যৌক্তিক দাবিতে টানা শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির মুখে পড়েছে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল। এই পরিস্থিতির জেরে মালিকপক্ষ আশুলিয়ার ৪০টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। শনিবার সকালে সংশ্লিষ্ট কারখানাগুলোর ফটকে বন্ধের নোটিস ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। একই কারণে পরিস্থিতির বিবেচনায় আরও ৮টি পোশাক কারখানায় একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, উদ্ভূত পরিস্থিতিতে ৪০টি কারখানা বন্ধ এবং ৮টিতে ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে ফ্যাশন ডট কম লিমিটেড, আলপস এ্যাপারেলস লিমিটেড, ঈগল টেক্সটাইল লিমিটেড, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, অ্যাকটিভ কম্পোজিট মিলস লিমিটেড ও তাহারাত কম্পোজিট লিমিটেড।
তালিকায় থাকা অন্যান্য কারখানার মধ্যে রয়েছে আনাম গার্মেন্টস লিমিটেড, এস-২১ এ্যাপারেলস লিমিটেড, এনভয় গ্রুপ, রেডিয়ান্স নীটওয়্যার লিমিটেড, নিউ এইজ গার্মেন্টস লিমিটেড, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড, নিউ এইজ অ্যাপারেলস লিমিটেড, মানতা অ্যাপারেলস লিমিটেড, চান্তিক গার্মেন্টস লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড, আজমত এ্যাপারেলস লিমিটেড, এনভয় ফ্যাশন লিমিটেড এবং এনভয় ডিজাইন লিমিটেড। শ্রমিকদের দাবিদাওয়া ও পরিস্থিতির অবনতির কারণে শিল্পাঞ্চলে নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নিয়েছে কারখানা কর্তৃপক্ষ।








