কুমিল্লার তিতাসে সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও সংঘর্ষের ঘটনায় দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে দুই ভাইকে। বহিষ্কৃতরা হলেন উপজেলা বিএনপির সহসভাপতি এমদাদ হোসেন আখন্দ এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সাইমুল ইসলাম আখন্দ। গত বৃহস্পতিবার রাতে পৃথক দুটি চিঠির মাধ্যমে দল থেকে তাঁদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়, যা গতকাল শুক্রবার প্রকাশ্যে আসে।
জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিম ভূঁইয়াকে ওই এলাকায় সংবর্ধনা দেওয়া হয়।
তিতাস উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন প্রধান এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। অনুষ্ঠানে এমদাদ হোসেন আখন্দ এবং তাঁর ভাই সাইমুল ইসলাম আখন্দ নিজেদের সমর্থকদের নিয়ে মঞ্চে উপস্থিত হন। একপর্যায়ে জামাল উদ্দিনের সমর্থকদের সঙ্গে তাঁদের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের লোকজনের মধ্যে চেয়ার, লাঠিসোঁটা ও ফেস্টুনের কাঠ দিয়ে পাল্টাপাল্টি হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার সময় মঞ্চে সংসদ সদস্য সেলিম ভূঁইয়াসহ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এমদাদ হোসেনকে বহিষ্কারের বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের সই করা চিঠিতে উল্লেখ করা হয়, তিনি প্রতিপক্ষের লোকজনের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়েছেন। একই ঘটনায় শ্রমিক দলের সদস্যসচিব মোহাম্মদ আলমগীরের সই করা চিঠিতে সাইমুল ইসলামের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে হামলার অভিযোগ আনা হয় এবং তাঁকে পদ থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। উল্লেখ্য, এমদাদ হোসেন ও সাইমুল ইসলাম দুজনেই স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত এবং তাঁরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ছিলেন।








