বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে রোববারের সভা স্থগিত

Tajanews24

Published: নভেম্বর 14, 2026, 6:14 অপরাহ্ন

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার বিষয়ে রোববার (১৫ নভেম্বর) অনুষ্ঠেয় উচ্চপর্যায়ের সভাটি স্থগিত করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে বলে দৈনিক শিক্ষা জানিয়েছে। চিঠিতে অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

সভাটি রোববার দুপুর দেড়টায় বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনের ৬১০-৬১২ নম্বর কক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে সভাপতিত্ব করার কথা ছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়ার। সভার একমাত্র আলোচ্যসূচি ছিল ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে অন্তর্ভুক্তিকরণ’।

মন্ত্রণালয় সূত্রে আগের দিন জানানো হয়েছিল, সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সিদ্দিক জুবায়েরের উপস্থিত থাকার কথা ছিল। সভায় অংশ নিতে সংশ্লিষ্ট ১৬ জনকে আমন্ত্রণও জানানো হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে এবং কোন প্রক্রিয়ায় এসব প্রতিষ্ঠানকে সরকারি করা যায়, তা নির্ধারণেই সভাটি ডাকা হয়েছিল। তবে কতটি বিদ্যালয় এই প্রক্রিয়ায় আসতে পারে, কোন ধরনের প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে এবং কী কী শর্ত থাকবে, তা এখনো স্পষ্ট নয়।

স্থগিত সভাটির পরবর্তী সময় সংশ্লিষ্ট সবাইকে জানানো হবে বলে মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে। ফলে জাতীয়করণের প্রক্রিয়া ও শর্ত নিয়ে সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্টদের আরও অপেক্ষা করতে হচ্ছে।