এমপিওভুক্ত স্কুল-কলেজ জাতীয়করণের খসড়া নীতিমালাই চূড়ান্ত করার নীতিগত সিদ্ধান্ত

Tajanews24

Published: নভেম্বর 16, 2026, 8:48 পূর্বাহ্ন

বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের জন্য তৈরি খসড়া নীতিমালাটিই চূড়ান্ত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে নীতিমালার কয়েকটি জায়গায় ভাষাগত কিছু পরিবর্তন আনা হতে পারে বলে জানা গেছে।

সোমবার (১৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে দ্য ডেইলি ক্যাম্পাস জানিয়েছে। নীতিমালা চূড়ান্ত করার আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিনের উপস্থিতিতে আরেকটি সভা হবে বলেও জানা গেছে।

সভায় উপস্থিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছেন, খসড়া নীতিমালায় বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না; শুধু ভাষাগত কিছু বিষয়ে পরিবর্তন আসবে। ভাষাগত বিষয়গুলো ঠিক করে শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপদেষ্টাকে নিয়ে আরেকটি সভার পর নীতিমালাটি প্রজ্ঞাপন আকারে জারি করা হবে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

খসড়া নীতিমালা অনুযায়ী, জনস্বার্থ, স্থানীয় প্রয়োজন, শিক্ষার উন্নয়ন এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনা করে দেশের যেকোনো স্থানের যেকোনো এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে পারবে সরকার। জাতীয়করণের আগে সংশ্লিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠানের মাধ্যমে সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। প্রতিষ্ঠানটির নিজস্ব দখল ও মালিকানায় খেলার মাঠসহ ন্যূনতম দুই একর শর্তমুক্ত, অখণ্ড ও নিষ্কণ্টক জমি থাকতে হবে বলেও খসড়ায় বলা হয়েছে।

এ ছাড়া খসড়ায় পাবলিক পরীক্ষার ফলাফলকে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে রাখা হয়েছে। মাধ্যমিক পর্যায়ে পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের কমপক্ষে ৯০ শতাংশ অংশগ্রহণ ও ন্যূনতম ৯০ শতাংশ পাসের হার, উচ্চমাধ্যমিকে ৮০ শতাংশ এবং স্নাতক (পাস) পর্যায়ে ৭০ শতাংশ পাসের হারের কথা বলা হয়েছে; গত পাঁচ বছরের ফলাফলের গড়ও দেখা হবে। আর্থ-সামাজিকভাবে অনগ্রসর, দুর্গম, দারিদ্র্যপীড়িত ও দুর্যোগপ্রবণ এলাকার পুরোনো ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জাতীয়করণে অগ্রাধিকার পাবে বলেও খসড়ায় উল্লেখ রয়েছে।